সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত 

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য সুমন মিয়া (২৬) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গাইবান্ধা সদর থানায় কর্মরত ছিলেন। 

এর আগে একইদিনে সকাল পৌনে ৯ টার দিকে গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। নিহত ওই পুলিশ সদস্য পাশ্ববর্তী রংপুর জেলার পীরগাছা উপজেলার সাতদরগা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত পুলিশ সদস্য মোটরসাইকেল নিয়ে ভাড়া বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা। তিনি বলেন, পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত