এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ হয়েছে। এখন অপেক্ষা জমজমাট শেষ ষোলো রাউন্ডের। আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে শেষ ষোলো রাউন্ডের ড্র। কোন দল কার সাথে মুখোমুখি হতে পারে তা নিয়ে আগ্রহের কমতি নেই সমর্থকদের মনে। পরের রাউন্ডে কঠিন প্রতিপক্ষ পেতে পারে পিএসজি। আর্সেনালের খেলা হতে পারে জার্মান ক্লাবের বিপক্ষে।
কম্পিউটার বিশ্লেষণে দেখা যায় এফ গ্রুপ থেকে দ্বিতীয় হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেওয়া পিএসজির সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ম্যানচেস্টার সিটি কিংবা বায়ার্ন মিউনিখ। সিটির সঙ্গে পড়ার সম্ভাবনা ১৪.৭৫ শতাংশ। আর বায়ার্নের সঙ্গে ১৭.৩০ শতাংশ।
আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের খেলা হতে পারে জার্মান ক্লাব লাইপজিগের সঙ্গে। সম্ভাবনার হার ২০ শতাংশ। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা হয়েছে গ্রুপসেরা। রিয়ালের খেলা হতে পারে কোপেনহেগেন বা লাইপজিগের সঙ্গে।
বার্সার প্রতিপক্ষ হতে পারে কোপেনহেগেন বা পিএসজি। তবে ইতালির ক্লাব লাৎসিও'র কোচ মাউরেসিও সারি প্রতিপক্ষ হিসেবে চান বার্সাকে। তিনি বলেন, 'আমি বার্সেলোনাকে চাই। আমার ক্যারিয়ারে ওদের কখনো প্রতিপক্ষ হিসেবে পাইনি। যদিও এটি কঠিন কিন্তু ক্যাম্প ন্যুতে যেতে আমি ভীষণ পছন্দ করি।' তবে লাৎসিও'র সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে কম্পিউটার বলছে বায়ার্ন বা ডর্টমুন্ডের নাম। দুই ক্ষেত্রেই হারটা ১৬.৫৪। বার্সার সঙ্গে লাৎসিও'র মুখোমুখি হওয়ার সম্ভাবনা ১৩.২১ শতাংশ।
ইন্তার মিলান মুখোমুখি হতে পারে বায়ার্ন মিউনিখ বা বরুসিয়া ডর্টমুন্ডের। দুই ক্ষেত্রেই সম্ভাবনার হার ১৬.৫৪ শতাংশ।
চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ড্রয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে। একই গ্রুপের দল একে-অপরের মুখোমুখি হবে না। একই দেশের অর্থাৎ একই লিগে খেলা দল মুখোমুখি হবে না।
শেষ ষোলোর ড্র ১৮ ডিসেম্বর হলেও খেলা শুরু হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে। ১৩-১৪ ও ২০-২১ ফেব্রুয়ারি প্রথম লেগ। ৫-৬ ও ১২-১৩ মার্চ দ্বিতীয় লেগ। আসছে বছরের ১৫ মার্চ হবে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র।
