বিজয়ের মাসে মনে নেই জাতীয় পতাকার কথা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম

চলছে বিজয়ের মাস। ঘড়ির কাঁটায় রাত সাড়ে ১০টা। তখনও জাতীয় পতাকা টাঙানো। কিছু উৎসুক জনতা বিষয়টি দেখতে পেয়ে কানাঘুষা করছিল। ঠিক সেই মুহূর্তে পতাকা নামাতে এলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) ট্যাক্স কালেক্টর রিমন। তাকে জিজ্ঞেস করতেই সোজাসাপটা উত্তর— ‘অতিরিক্ত কাজের চাপ থাকায় পতাকা নামাতে মনে ছিল না।’ আর এ কারণেই দেশের জাতীয় পতাকা টাঙানো ছিল রাতেও।

ঘটনাটি বগুড়ার আদমদীঘি উপজেলার। সচেতন মহল মনে করছে, বিজয়ের মাসে এভাবে জাতীয় পতাকার কথা মনে না থাকা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। তারা সান্তাহার ইউপির বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ করেছেন।

যদিও এর আগে ইউপিতে কর্তব্যরতদের দায়িত্ব পালনে অবহেলার ঘটনায় একাধিকবার সতর্ক করেছেন চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। সর্বশেষ তিনি এর স্থায়ী প্রতিকার চেয়ে গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

সাধারণত জাতীয় পতাকা প্রদর্শনের একটা নিয়ম রয়েছে। ইচ্ছা করলেই যে কেউ জাতীয় পতাকা ব্যবহার করতে পারে না। সরকার কর্তৃক নির্ধারিত সময় এবং কিছু নির্ধারিত ভবনে সব কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলিত হয়। এসব ক্ষেত্রে শুধু সূর্যোদয়-সূর্যাস্ত পর্যন্ত পতাকা উত্তোলিত রাখতে হয়। তবে কিছু বিশেষ ক্ষেত্রে এর ব্যতিক্রমও আছে।

যদিও বুধবার (১৩ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, রাত সাড়ে ১০টায় সান্তাহার ইউপির বাইরে জাতীয় পতাকা উড়ছে। অর্থাৎ সকাল ৯টায় উত্তোলন করা জাতীয় পতাকা কাজ শেষ হওয়ার পর নামিয়ে ফেলার নিয়ম থাকলেও তা মানা হয়নি। এজন্যই রাত সাড়ে ১০টা পর্যন্ত পতাকা উড়তে দেখা গেছে। এই সময় শিশিরে ভিজেছে জাতীয় পতাকা।

ট্যাক্স কালেক্টর রিমন স্বীকার করেন, জাতীয় পতাকা বিকালেই নামানোর নিয়ম। তবে এজন্য কর্তৃপক্ষের গাফিলাতির চেয়ে নিজেদের ভুলের কথাই বলেন।

একই কথা বলেন সান্তাহার ইউপির দফাদার আকরাম। তিনি বলেন, ‘জাতীয় পতাকা নামানোর দায়িত্বটা বেশিরভাগ সময় আমারই থাকে। গতকাল (বুধবার) আমার ছেলের বউয়ের অপারেশন ছিল। তাই দুপুর ১২টার দিকে চলে গিয়েছিলাম। তবে যাবার আগে আমি কয়েকজনকে বলেছি জাতীয় পতাকা নামাতে।’ এসব ঘটনায় ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি তাকেসহ অন্যদের তিন বার সতর্ক করেছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এরশাদুল হক টুলু বলেন, ‘জাতীয় পতাকা উত্তোলন করা ও নামানোর একটা নিয়ম আছে। তাই এটির যথাযথ মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের ইউপির বাইরে রাত সাড়ে ১০টা পর্যন্ত জাতীয় পতাকা টাঙানো ছিল, এটি কাম্য নয়।’

সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি বলেন, ‘জাতীয় পতাকা নামানোর দায়িত্ব কি আমার? আমি এ বিষয়ে পরিষদে কর্তব্যরতদের কতবার বলেছি, তার কোনো হিসাব নেই। গত মঙ্গলবারও আমি তাদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আমাকে হেয়প্রতিপন্ন করার জন্যই মূলত উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ কেউ এসব দায়িত্বহীন কাজ করছে। আমিও চাই এর একটা স্থায়ী সমাধান হোক।’

এ বিষয়ে জানতে চাইলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ বলেন, ‘জাতীয় পতাকা রাত পর্যন্ত টাঙানোর বিষয়টি আমার জানা নেই। সান্তাহার ইউপি চেয়ারম্যানের দেওয়া লিখিত অভিযোগের বিষয়েও অবগত নই। বিষয়টি সম্পর্কে জেনে আমি ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত