দলে একজন অলরাউন্ডার থাকা মানে বাড়তি একজন বোলার কিংবা ব্যাটসম্যানকে খেলানোর সুযোগ তৈরি হওয়া। এতে বাড়ে দলের গভীরতা। সাকিব আল হাসান থাকলে বাংলাদেশ দল এই সুবিধাটা পেয়ে থাকে। কিন্তু নিউজিল্যান্ড সফরে নেই নিয়মিত অধিনায়ক। তাই সৌম্য সরকারকে দিয়ে সাকিবের অভাব পূরণ করতে চান ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
গত মাসে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পান সাকিব। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। কিউই সফর দিয়েই দুই সংস্করণের জাতীয় দলে ফিরেছেন সৌম্য। ঘরোয়া ক্রিকেটে তেমন কিছু না করেই তিনি ফিরেছেন দলে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ ১৬ ইনিংসে ২৫ রানের ইনিংসও নেই তার। সবশেষ ১৬ ওয়ানডেতে ফিফটি করেছেন একটি। সবশেষ খেলেছেন বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে, যে ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে।
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক শান্ত বললেন, সাকিবের ভূমিকায় সৌম্যকে ব্যবহার করতে চায় দল। শান্তর ভাষায়, 'আলাদা কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না। দলের সবাই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর দায়িত্বটা গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সঙ্গে তার বোলিংটাও খুব জরুরি। যেহেতু সাকিব ভাই নেই, তাই (সৌম্যর) ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও দরকার। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট এই কথা চিন্তা করেই তাকে দলে নিয়েছে। এর সঙ্গে অভিজ্ঞতাটা তো আছেই।'
নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা ভালোই আছে সৌম্যর। চলতি সফরের আগে পাঁচ দফায় নিউজিল্যান্ডে খেলেছেন তিনি। তিন সংস্করণ মিলিয়ে ওই দেশে ২০ ম্যাচে তিন ফিফটি ও এক সেঞ্চুরিতে তিনি করেছেন ৬৩৩ রান। বল হাতে ১৪ ইনিংসে তার শিকার ৪ উইকেট।
