অর্থোডক্স খ্রিস্টান ধর্মগুরু এখন তালিকাভুক্ত অপরাধী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ এএম

রাশিয়ার অর্থোডক্স গির্জার প্রধান ‘প্যাট্রিয়ার্ক কিরিল’ তথা ধর্মগুরুকে যুদ্ধের উসকানিদাতা হিসেবে তালিকাভুক্ত করেছে ইউক্রেন। কিয়েভের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে এই তালিকাভুক্ত অপরাধী হিসেবে সাব্যস্ত করেছে। ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর দিক থেকে অভিযোগ উত্থাপনের পরই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হলো। কিয়েভের শাসকগোষ্ঠী দীর্ঘদিন থেকেই অভিযোগ করছিল, কিরিল রুশ হামলার একজন সমর্থকে পরিণত হয়েছেন।

ইউক্রেন কর্তৃপক্ষ মনে করে, প্যাট্রিয়ার্ক কিরিল যুদ্ধের উসকানি দিয়ে যাচ্ছেন। এ ছাড়া তিনি যুদ্ধ পরিচালনায় যুক্ত রুশ কর্তৃপক্ষের শীর্ষ কর্তা-ব্যক্তিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করে চলছেন।

প্রধান কিরিলকে ইউক্রেন যুদ্ধের উসকানিদাতা হিসেবে তালিকাভুক্ত করলেও বিষয়টির তাৎপর্য শূন্য এবং পুরো ব্যাপারটিই প্রতীকী। কারণ এখন কিরিল রাশিয়ায় অবস্থান করেন। অর্থাৎ তিনি গ্রেপ্তার হওয়ার ঝুঁকিতেই নেই। তার সম্পর্কে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তিনি বিচারের আগে অনুষ্ঠিত তদন্ত থেকে বাঁচতে লুকিয়ে রয়েছেন। গত ১১ নভেম্বর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

দীর্ঘদিন থেকে ইউক্রেন কর্তৃপক্ষ অভিযোগ করছে, ওই গির্জার যাজকরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলছেন এবং তারা রুশদের প্রতি সহানুভূতিশীল।

ইউক্রেনে বিপুলসংখ্যক অর্থোডক্স মতাবলম্বী খ্রিস্টান থাকায় গির্জার প্রতিনিধিরা ঐতিহাসিকভাবে রাশিয়ার প্রধান কিরিলকে শ্রদ্ধা করে থাকেন। অর্থোডক্স গির্জাকে নিষিদ্ধ করতে কিয়েভ একটি বিল পাসের কথা চিন্তাভাবনা করছে। অর্থোডক্স গির্জার যাজকদের কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেছে ইউক্রেন। অবশ্য গির্জা কর্তৃপক্ষ বারবার বলছে, ২০২২ সালের মে মাসে মস্কোর সঙ্গে তারা সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। প্রধান কিরিল ইউক্রেনের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছে। গির্জার ধর্মগুরুদের বিরুদ্ধে ইউক্রেন যে পদক্ষেপ নিচ্ছে, তা বন্ধের দাবি জানিয়েছেন। রাশিয়ার গির্জার এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, কিরিলকে তালিকাভুক্ত করার বিষয়টি হাস্যকর। ইউক্রেন যাজকদের ভয় দেখানোর চেষ্টা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত