মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশীপুরে শহীদ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সমাধিতে গার্ড অব অনার প্রদান করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন। বিজিবির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপ-অধিনায়ক মেজর মুজাহিদুল ইসলাম।
গতকাল শনিবার সকালে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন গার্ড অব অনার, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিলউদ্দিন, শার্শা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মনজু, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে সমাধিস্থলে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষদের সেবা প্রদান করা হয়।
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। এ সময় শত্রুর হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। পরে শার্শা উপজেলার কাশীপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।
