আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কুয়েত। এছাড়া তিন দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খবর খালিজ টাইমসের।
শনিবার (১৬ ডিসেম্বর) ৮৬ বছর বয়সে মৃত্যু হয় আমির শেখ নওয়াফের। মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমির হিসেবে তার সৎভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর নাম ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।
কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, তিন দিনের ছুটির পর আগামী মঙ্গলবার থেকে ফের সরকারি অফিসের কার্যক্রম শুরু হবে। এছাড়া আগামী ৪০ দিন রাষ্ট্রীয় শোক চলার সময় দেশের সব প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকবে।
এদিকে, এক ঘোষণায় প্রয়াত আমির শেখ নওয়াফের জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিস্তারিত তথ্য জানিয়েছে কুয়েতের রয়্যাল কোর্ট। ঘোষণায় বলা হয়, রবিবার বিলাল বিন রাবাহ মসজিদে স্থানীয় সময় সকাল ৯টায় শেখ নওয়াফের জানাজা হবে। এরপর তাকে কবরস্থ করা হবে। ওই সময় শুধুমাত্র তার পরিবারের সদস্যরা থাকবেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার ইন্তেকাল করেন শেখ নওয়াফ। ২০২০ সালে তিনি আমির হয়েছিলেন। তিন বছর ক্ষমতায় থাকার পর তার মৃত্যু হলো।
