৪৫০ রানের লক্ষ্যে ধুঁকছে পাকিস্তান

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পিএম

অল্পের জন্য সেঞ্চুরির স্বাদ পেলেন না উসমান খাওয়াজা। সঙ্গে মিচেল মার্শের ফিফটিতে দুইশ ছাড়াতে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের বড় লিডের সুবাদে পাকিস্তানকে তারা ছুঁড়ে দিল তারা বিশাল লক্ষ্য। যে রান তাড়ায় নেমে ধুঁকছে সফরকারীরা।

পার্থ টেস্টে প্রথম ইনিংসে ৪৮৭ রান করা অস্ট্রেলিয়া পাকিস্তান ২৭১ রানে গুটিয়ে লিড নেয় ২১৬ রানের। চতুর্থ দিন ৫ উইকেটে ২৩৩ রান করে দ্বিতীয় ইনিংসে ঘোষণা করে দেয় তারা। পাকিস্তানকে দেয় ৪৫০ রানের লক্ষ্য।

বিশ্ব রেকর্ড গড়ে জিততে হবে পাকিস্তানকে। টেস্টের ইতিহাসে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে চারটি। এর মধ্যে সর্বোচ্চ ৪১৮ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পার্থে ৪১৪ রানের লক্ষ্যে জয়ের কীর্তি আছে দক্ষিণ আফ্রিকার, ২০০৮ সালে।

পাহাড়সম এই রান তাড়ায় নেমে দ্রুত ৩ উইকেট হারিয়ে বিপাকে শান মাসুদের দল। রিপোর্টটি লেখার সময় পাকিস্তানের রান ছিল ৩ উইকেটে ১৯ রান।

অস্ট্রেলিয়ার হয়ে ৯ চারে ৯০ রান করেন খাওয়াজা। এই ওপেনার আউট হতেই ইনিংসের ইতি টানে অস্ট্রেলিয়া। তার আগে বিদায় নেন  ১ ছক্কা ও ৩ চারে ৪৫ রান করা স্টিভেন স্মিথ। আর মার্শের ব্যাট থেকে আসে ২ ছক্কা ও ৭ চারে ৬৩ রান।

পাকিস্তানের হয়ে দ্বিতীয় ইনিংসে ৪৫ রানে ৩ উইকেট নেন খুররাম শাহজাদ।

রান তাড়ায় নেমে প্রথম ওভারেই আবদুল্লাহ শফিককে হারায় পাকিস্তান। মিচেল স্টার্কের বলে কট বিহাইন্ড হন এই ওপেনার। কয়েক ওভার পর মাসুদকে কট বিহাইন্ড করে সাজঘরে ফেরান জশ হ্যাজেলউড। প্রথম ইনিংসে ফিফটি করা ইমাম-উল-হককে এলবিডব্লিউ করে দেন স্টার্ক। পাকিস্তান এখন তাকিয়ে বাবর আজম ও সৌদ শাকিলের ব্যাটের দিকে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত