২০১৮ সালে ‘বাজে স্বভাব’ দিয়ে রেহান রাসুলের হঠাৎ বাজিমাত! কণ্ঠ, কথা ও চেহারা- তিনে মিলে ‘এলেন-গাইলেন-জয় করলেন’ ব্যাপার। চলতি বছরে শাকিব খানের 'প্রিয়তমা' সিনেমায় 'গভীরে'সহ আরও কয়েকটি গান আলোচনায় আসে তার। নাটক-সিনেমার বাইরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যও গান করছেন তিনি।
এরইমধ্যে এন আই বুলবুলের কথায় দুটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন। গান দুটি হলো রোহান রাজের সুর-সংগীতে 'উড়ি চল' ও রেজওয়ান শেখের সুর-সংগীতে 'কিছু গল্প'।
দুটি গানেই আরও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী কর্ণিয়া। এগুলো প্রকাশ হবে ফ্যামিলি মিউজিকের ইউটিউব চ্যানেল ও আরটিভি মিউজিক চ্যানেলে। গান দুটি প্রসঙ্গে এন আই বুলবুল বলেন, দুটি গানই রোমান্টিক কথায় সাজালাম। তবে এরমধ্যেও ভিন্নতা রাখার চেষ্টা করেছি। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দুই শিল্পী দারুণ গেয়েছেন।'
রেহান রাসুল বলেন, দুটি গান দুই রকম রোমান্টিক কথায়। কর্ণিয়ার সঙ্গে পর দুটি ডুয়েট গান হলো। নতুন বছর উপলক্ষে গান দুটি প্রকাশ হবে। আশা করছি শ্রোতারা আমাদের কণ্ঠে গান দুটি শুনে নিরাশ হবে না।'
