বোলিংয়ে চমৎকার শুরুটা টেনে নিতে পারেনি বাংলাদেশ। টম ল্যাথাম ও উইল ইয়ংয়ের ঝড়ো জুটিতে বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে হারায় সফরকারীরা। আপাতপক্ষে, ম্যাচে তাদের নিয়ন্ত্রণ ছিল না কখনোই। তবে এনামুল হক বিজয় মনে করছেন, তারা হাতছাড়া করেছেন জয়ের সুযোগ।
বৃষ্টিবিঘ্নিত ৩০ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৩৯ রান করে নিউজিল্যান্ড। ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪৫ রানের। জবাব দিতে নেমে ২০০ রানে থামে বিজয়-শান্তরা। ৪৪ রানের জয়ে সিরিজে এগিয়ে যায় গেছে কিউইরা।
ব্যাট হাতে বড় রান করার সুযোগ ছিল বিজয়ের সামনে। তবে তিনি ফেরেন ৪৩ রানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের খেলা শটকে ভুল হিসেবে স্বীকার করেছেন বিজয়, 'অবশ্যই দোষটা আমি নিতে চাই যে, আমি ভুল করেছি। আমি যদি একটু বড় রান করে আসতে পারতাম, ম্যাচটা শেষ করে আসতে পারতাম তাহলে দলের জন্য খুবই ভালো হতো। একটা জয় দিয়ে শুরু করতে পারতাম।'
বিজয় আরও যোগ করেন, ‘পরিকল্পনাটা আরেকটু ভিন্নভাবে সাজাতে পারতাম। আমি, আফিফ বা হৃদয়-আমরা যদি আরেকটু ধৈর্য ধরতাম আরেকটু লম্বা (ইনিংস) খেলতাম তাহলে মনে হয় চিত্রটা ভিন্ন হতে পারত। যদি শেষ ৫ ওভারে ৫০ ও লাগতো, হয়তো আমরা এই ম্যাচটাকে বের করে আনতে পারতাম।'
বড় ব্যবধানে হারলেও বিজয় মানছেন এই ম্যাচে জয়ের ভালো সুযোগ ছিল বাংলাদেশের, 'ভালো বলতে অনেক ভালো সুযোগ ছিল। আমরা একটা মোমেন্টামও পেয়ে গিয়েছিলাম, শুরুটা ভালো হয়েছে। সবার মধ্যে মানসিকতা ছিল যে আমরা ম্যাচটা জিততে পারব।'
