পাওনা টাকা চাওয়ায় ভাইয়ের হাতে খুন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ পিএম

ময়মনসিংহের নান্দাইলে পাওনা টাকা চাইতে গিয়ে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে সাদেক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রবিবার (১৭ ডিসেম্বর) উপজেলার চরবেতাগৈর ইউনিয়নে চরকোমরভাঙা গ্রামে সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সাদেক মিয়া একই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক মিয়ার আপন চাচা আ. মতিনের ছেলে সবুজ মিয়ার কাছে বেশ কিছু দিন আগে ধান বিক্রি করেন সাদেক মিয়া। ধান বিক্রির  টাকা পরিশোধ করতে গড়িমসি করেছিল সবুজ মিয়া। ঘটনার দিন সকালে সাদেক মিয়া সবুজের ঘরের সামনে গিয়ে টাকা দেওয়ার বিষয়ে তাগাদা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সবুজ মিয়া হাতের কাছে থাকা লাঠি দিয়ে সাদেককে পিটাইতে থাকে। বাড়ির লোকজন সবুজকে থামিয়ে সাদেককে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ফিরুজ মিয়া বলেন, ‘তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। ধান বিক্রি টাকা চাইতে গেলে এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় সাদেক মিয়া।’

নান্দাইল মডেল থানার ওসি আ. মজিত জানান,ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত