বরিশাল-২ আসনে টানা দুবারের সংসদ সদস্য ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে প্রথমে তাকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়েছিল। শেষ মুহুর্তে ১৪ দলের শীর্ষ নেতা ওয়াকার্স পাটির সভাপতি রশেদ খান মেননকে এ আসনে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আজ রবিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার নির্বাচনী এলাকায় উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননকে নিয়ে হাজিড় হন ইউনুস। উপস্থিত নেতাকর্মীদের সামনে নৌকা প্রতীকের প্রার্থী রাশেদ খান মেননকে দলীয় প্রার্থী হিসাবে পরিচয় করিয়ে দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে উপস্থিত নেতাকর্মীদের হাসতে অনুরোধ করেন আওয়ামী লীগের এই নেতা।
মো. ইউনুস বলেন, দেশের ক্রন্তিলগ্নে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে মেনে নিয়ে তিনি নিজেই মাঠে নেমেছেন। এবারের যুদ্ধে জয় লাভ করতে হলে মেনন ভাইকে জয়ী করতে হবে।
রাশেদ খান মেনন বলেন, আপনাদের প্রার্থী ছিলেন তালুকদার মো. ইউনুস প্রধানমন্ত্রী দেশের স্বার্থে এ আসনে আমাকে প্রার্থী করেছে। আমি ইউনুসকে সাথে নিয়ে কাজ করব। প্রচার প্রচারনা শুরু হলে মাঠে নামবো।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব বাইন রন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি তাপস রায় উপজেলা, যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর হেমায়েত উদ্দিন প্রমূখ।
