তুরস্কের পাঠানো ইমাম নেবে না জার্মানি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম

জার্মানির মসজিদগুলোয় তুরস্কের পাঠানো ইমামদের নেওয়া হবে না। বরং জার্মানদেরই ইমাম হিসাবে প্রশিক্ষিত করার ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতোমধ্যে এ বিষয়ে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ দিয়ানেট ও তুর্কি ইসলামিক অ্যাসোসিয়েশন ডিটিটিবির সঙ্গে চুক্তি করেছে জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

চুক্তির আওতায়  প্রতি বছর ১০০ জন জার্মানকে ইমামের প্রশিক্ষণ দেবে তারা। পশ্চিমের শহর ডালেমে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। জার্মানিতে এখন তুরস্কের এক হাজার ইমাম আছেন। তাদের পর্যায়ক্রমে সরিয়ে নতুন প্রশিক্ষিতদের নিয়োগ দেওয়া হবে। আর যাদের সরানো হবে, তাদের দিয়ানেট অন্যত্র নিয়োগ দেবে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার এক বিবৃতিতে বলেছেন, আমরা এমন ধর্মীয় নেতা চাই যারা আমাদের দেশকে জানে, আমাদের ভাষায় কথা বলে এবং আমাদের মূল্যবোধ সমর্থন করে। আমরা চাই ইমামরা বিভিন্ন ধর্মের মানুষদের সঙ্গে আলোচনা করুক এবং আমাদের সমাজে বিশ্বাস তৈরি করুক।

জার্মানির ইমাম কনফারেন্স জানিয়েছে, জার্মানিতে ৫৫ লাখ মুসলিম বাস করেন। তারা মোট জনসংখ্যার ছয় দশমিক ছয় শতাংশ। তাদের মতে, নতুন সিদ্ধান্ত জার্মানির মুসলিমদের মিলন ও যোগদানের ক্ষেত্র প্রস্তুত করবে।

জার্মানিতে মসজিদ আছে আড়াই হাজার। তার মধ্যে ডিটিটিবি নিয়ন্ত্রণ করে ৯০০ মসজিদ। ডিটিটিবি হলো তুরস্কের প্রেসিডেন্সি অব  রিলিজিয়াস অ্য়াফেয়ার্সের একটি শাখা। তারাই জার্মানিতে সবচেয়ে বড় ইসলামিক সংস্থা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তুরস্ক সরকারের কথায় ওঠেবসে।

ডিটিটিবি নিয়ে সম্প্রতি একটা বিতর্কও দেখা দিয়েছে। কোলনের একটি মসজিদে একজন আফগান তালিবান সদস্য গত মাসে ভাষণ দিয়েছিলেন। সেটা নিয়েই বিতর্ক শুরু হয়।

২০১৭ সালে জার্মান কর্মকর্তারা ডিটিটিবিকে মৌলিক সংস্কার করতে বলে। তখন অভিযোগ উঠেছিল, তারা যে ইমামদের নিয়োগ দেয় তারা তুরস্কের হয়ে চরবৃত্তি করে। তুরস্কে এরদোয়ান সরকারের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর এই অভিযোগ ওঠে। অবশ্য দিয়ানেট এই অভিযোগ অস্বীকার করেছে।

সূত্র: ডয়চে ভেলে, রয়টার্স

×
সর্বশেষ সর্বাধিক পঠিত