সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৬ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৯ জন।
অন্যদিকে, ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন এক হাজার ৪৫৬ জন ডেঙ্গুরোগী।
সোমবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রবিবার (১৭ ডিসেম্বর) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৩৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৬৫ জন। ঢাকার বাইরের ১৭৪ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকার ভেতরে একজন ও ঢাকার বাইরে তিনজনের মৃত্যু হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ১৯ হাজার ৪৭৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৫৭৬ জন, আর ঢাকার বাইরের দুই লাখ নয় হাজার ৮৯৯ জন।
