রাজশাহীতে জামায়াতে ইসলামীর মিছিল থেকে পুলিশের উপর ককটেল ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে ককটেলটি বিস্ফোরিত হয়নি।
আজ সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সপুরা এলাকায় পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ চারজনকে আটক করে।
আগামীকাল মঙ্গলবারের হরতাল কর্মসূচি সফল করার লক্ষ্যে সোমবার সন্ধ্যায় জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখার উদ্যোগে ঝটিকা মিছিল বের করা হয়। সপুরা এলাকায় পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন রাস্তায় তারা মিছিল বের করেন। মিছিল থেকে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, সন্ধ্যায় সপুরা এলাকার পানি উন্নয়ন বোর্ড অফিস সংলগ্ন রাস্তায় তারা মিছিল বের করে। এর পরপরই সেখানে পুলিশ হাজির হলে মিছিল থেকে তারা ককটেল ও ইট পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করেছে। এই ঘটনায় একজন জামায়াত কর্মী আহত হয়েছেন। ঘটনার পরই সেখান থেকে ৪ জনকে আটক করেছে।
ওসি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।
