কসোভোর সঙ্গে বাণিজ্য বাড়াতে চান প্রধানমন্ত্রী

কুয়েতের নতুন আমিরকে শুভেচ্ছা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৮ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও কসোভো পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে পারে।

তিনি বলেন, ‘দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে এবং কসোভো সাশ্রয়ী মূল্যে উন্নত মানের তৈরি পোশাক এবং ওষুধ বাংলাদেশ থেকে আমদানি করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে।’

বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল সোমবার তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

শেখ হাসিনা তার দেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে কসোভোর রাষ্ট্রদূতের ভূমিকার প্রশংসা করেন।

কসোভোর রাষ্ট্রদূত ১৫ বছরে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ ভবিষ্যতে বিশ্ব মঞ্চে বড় অর্থনীতির দেশ হবে।’

রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র দপ্তরকেও ধন্যবাদ জানান।

তিনি বলেন, কসোভোয় ১৯ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।

কুয়েতের নতুন আমিরকে শুভেচ্ছা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুয়েতের নতুন আমির হওয়ায় শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে গতকাল এ কথা বলা হয়েছে।

নতুন আমিরকে সম্বোধন করে লেখা স্বাক্ষরিত এক চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি আপনাকে কুয়েতের আমিরের দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে পেরে অত্যন্ত আনন্দিত।’

প্রধানমন্ত্রী বলেন, আপনার এই সর্বোচ্চ পদে আরোহণ আপনার বিচক্ষণতা ও গতিশীল নেতৃত্বের প্রতি কুয়েতের ভ্রাতৃপ্রতিম জনগণের আস্থার প্রমাণ।

তিনি বলেন, ‘১৯৭৩ সালে আমাদের কূটনৈতিক সম্পর্কের সূচনা থেকেই বাংলাদেশ ও কুয়েত চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে আসছে।’

তিনি বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত, যা বহু বছর ধরে মানবসম্পদ নিয়োগ, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, প্রতিরক্ষা, জ্বালানি সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।’

বিদ্যমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনার নতুন দায়িত্ব গ্রহণের এই মুহূর্তে আমি আপনাকে এবং কুয়েতের জনগণকে আগামী দিনে বাংলাদেশ সরকারের কাছ থেকে অব্যাহত সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিচ্ছি।’

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার সময় প্রদর্শিত তার জনমুখী ও দূরদর্শী নেতৃত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি নিশ্চিত যে আপনার দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পৃক্ততার সব ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে ত্বরান্বিত ও শক্তিশালী করার মাধ্যমে কাক্সিক্ষত স্তরে উন্নীত করতে সক্ষম হবে।’

প্রধানমন্ত্রী নতুন আমিরের অব্যাহত সুস্বাস্থ্য, সুখ এবং সাফল্য কামনা করেন এবং অগ্রগতি ও সমৃদ্ধিশালী অভিন্ন ভবিষ্যৎ গড়ায় তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। বাসস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত