পরপর দুটি বছর আইপিএলে নতুন নিয়ম যোগ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। গত আসরে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবহারের নিয়ম চালু করা হয়েছিল। এবার পরিবর্তন আনা হয়েছে বাউন্সারের নিয়মে। ২০২৪ সাল থেকে ওভারপ্রতি দুটি বাউন্সার করতে পারবেন বোলাররা।
ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পরীক্ষামূলকভাবে এ নিয়ম চালু করা হয়েছিল। আগামী মৌসুম থেকে আইপিএলের প্লেয়িং কন্ডিশনেও এ পরিবর্তন আনা হচ্ছে। আইসিসির আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, ওভারপ্রতি একটি বাউন্সার বা কাঁধসমান উচ্চতার শর্ট বলকে বৈধ বলে গণ্য করা হয়। এরপর থেকে ডাকা হয় নো বল। আইপিএলে সেটি বাড়িয়ে করা হচ্ছে দুটি।
নতুন নিয়মে বোলাররা বাড়তি সুবিধা পাবেন, এমন মনে করেন এক সময় আইপিএলের নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ভারতীয় পেসার জয়দেব উনাদকাট, ‘আমার মনে হয় ওভারে দুটি বাউন্সার বেশ কাজে আসবে এবং আমার মনে হয় এটি এমন একটা ব্যাপার, যাতে বোলাররা সুবিধা পাবে।’
উনাদকাট এবারও উঠবেন আইপিএলের নিলামে, যেটি আজ দুবাইয়ে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে। এবারের নিলামটিকে বলা হচ্ছে ‘মিনি অকশন’।
আগের মতোই থাকছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম। এ নিয়মে ম্যাচের যে কোনো সময় একাদশের বাইরে থেকে একজন খেলোয়াড়কে নামানো যায়। এ নিয়ম অনুযায়ী, টসের সময় ইমপ্যাক্ট বদলি হিসেবে চারজনের নাম দিতে হয়, যার মধ্য থেকে একজন প্রতি ম্যাচে নামতে পারেন। অবশ্য একাদশে যদি চারজন বিদেশি খেলোয়াড় থেকে থাকে, তাহলে ইমপ্যাক্ট বদলি হিসেবে একজন ভারতীয়কে নিতে হবে।
ভারতে জাতীয় নির্বাচনের কারণে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ লিগের সূচি এখনো ঘোষণা করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ২২ মার্চ থেকে মে মাসের শেষ পর্যন্ত ১০ দলের এ লিগ হবে।
