চোটের কারণে ক্যারিয়ারের অনেকটা সময় নষ্ট হয়েছে নেইমার জুনিয়রের। আল হিলালে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই ফের এতে আক্রান্ত হন। জটিল এসিএল সমস্যায় মাঠের বাইরে চলে যান ১০ মাসের জন্য। তারপর কেটে গেছে প্রায় দুই মাস। কতটুকু সুস্থ হলেন তিনি, ভক্তদের কৌতুহল এখন তা নিয়েই।
ভক্তদের নিজের ইনজুরি নিয়ে কিছুটা হলেও আভাস দিয়েছেন নেইমার। নিজের ফেসবুক একাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন ব্রাজিলের এই পোস্টারবয়। সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কষ্ট ছাড়া আরোগ্য হয় না, পড়ে না গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে বীরত্ব নেই। আর কষ্ট ছাড়া জয় আসে না। আমি লড়াই চালিয়ে যাচ্ছি।’
ভিডিওতে নেইমারকে দেখা যায় ফিজিওর সাহায্যে হাঁটু ভাঁজ করার চেষ্টা চালাতে। বোঝাই যাচ্ছিল, এখন পর্যন্ত নিজের পা নাড়াতেই পারছেন না তিনি। এমনকি ফিজিওর সাহায্য নিলেও তার মুখে যন্ত্রণার ছাপ ছিল স্পষ্ট। আবার দীর্ঘদিনের বিরতির কারণে শরীরটাও আগের মত নেই। অনেওটাই মুটিয়ে গিয়েছেন তিনি।
বোঝাই যাচ্ছিল, পা সম্পূর্ণ সুস্থ হলে নেইমারকে নামতে হবে ফিটনেস ঠিক করতে। এরপরই হয়ত ফুটবল পায়ে আবার দেখা যাবে ব্রাজিলের এই তারকাকে। সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগতেই পারে। যদিও বেশিরভাগের প্রত্যাশা, আগামী জুনে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার আসরে তাকে ঠিকই দেখা যাবে।
