নেলসনের স্যাক্সটন ওভালে সিরিজ বাঁচিয়ে রাখার কঠিন চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে টম ল্যাথামের কিউই দলটা নামের ভারে হালকা হলেও প্রথম ম্যাচ জিতে আছে আত্মবিশ্বাসের সঙ্গে। বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান তাড়ার সুখস্মৃতি পাথেয় যোগাতে পারে নাজমুল হোসেন শান্তর দলকে। তবে এ ম্যাচে বাংলাদেশ শুরুতে ব্যাটিং করবে। টসভাগ্য পাশে পেয়েছেন টম ল্যাথাম। তার সিদ্ধান্ত সফরকারীদের আগে ব্যাটিংয়ে পাঠানো।
নিউজিল্যান্ডে নতুন কিছু করে দেখাতে চেয়েছিলেন অধিনায়ক শান্ত। তাদের মাঠে টানা ১৭ হারের পর এ ম্যাচে জয়ই একমাত্র লক্ষ্য ও নতুন কিছু হতে পারে বাংলাদেশের জন্য। ডানেডিনের মেঘাচ্ছন্ন পরিবেশ ছেড়ে নেলসনের রোদেলা আকাশে তাই ঝলমলে শুরুর প্রতীক্ষা। বাংলাদেশের ১৪৮তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে লেগস্পিনার রিশাদ হোসেনের অভিষেকের দিনটা রাঙুক জয়ের রঙ্গে।
কিউই দলেও অভিষেক হয়েছে ২১ বছর বয়সী লেগ স্পিনার আদিত্য অশোকের।
বাংলাদেশ একাদশ:
এনামুল হক বিজয়, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।
নিউজিল্যান্ড একাদশ:
উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, হেনরি নিকলস, টম ল্যাথাম (অধিনায়ক), মার্ক চ্যাপমান, টম ব্ল্যান্ডেল (উইকেটকিপার), জশ ক্ল্যার্কসন, অ্যাডাম মিলনে, আদিত্য অশোক, জ্যাকব ডাফি, উইল ও’রওরকে।
