চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ১১ মাসে দেশটিতে ১১ কোটি ১৬ লাখ অ্যালবামের কপি বিক্রি হয়েছে দক্ষিণ কোরিয়ার কে–পপ অ্যালবামের (ডিভিডি ও ভিনাইল রেকর্ড)।
সার্কেল চার্টের বরাতে সংবাদমাধ্যম ডেইলি কোরিয়া জুংআং জানিয়েছে, ডিসেম্বরের আগেই গত বছরের তুলনায় এ বছর ১৪৪ ভাগ বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। গত বছর বিক্রি হয়েছিল ৮ কোটি অ্যালবাম।
দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এবারই প্রথম কোনো বছরে ১০ কোটির বেশি অ্যালবাম বিক্রির মাইলফলক ছুঁয়েছে। বিশ্বজুড়ে ডিজিটাল অ্যালবামের এই রমরমা সময়ে ডিভিডি বিক্রির হার কমতে থাকলেও কোরিয়ার চিত্র ভিন্ন। কে–পপের উন্মাদনায় দেশটির মানুষ এখনো ডিভিডি কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন।
এই নভেম্বর মাসেই দেড় কোটির বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। সার্কেল চার্ট জানিয়েছে, ছয় মাসে কোটির বেশি অ্যালবাম বিক্রি হয়েছে। তবে গত বছর মাত্র এক মাসে এক কোটি অ্যালবাম বিক্রি হয়েছিল। এই বছর নভেম্বরে অ্যালবাম বিক্রিতে শীর্ষ রয়েছে ‘স্ট্রে কিডস’।
গত ১১ মাসের তালিকায় শীর্ষে রয়েছে জ্যাংকুক, ভি, ইনফাইফেন, জিরোবেসওয়ান, এনসিটি ড্রিম, সেভেনটিনের অ্যালবাম।
