বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-২৯ অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ ডিসেম্বর) ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে ‘ইনভেস্টিগেটিং দ্য সিগনিফিকেন্স অব এসএমই লোনস অন দ্য সিএমএসএমই এন্ট্রেপ্রেনারস সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের প্রভাষক গৌরব রায়।
ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে সেমিনারে আলোচক ছিলেন টালি পে’র ব্যবস্থাপনা পরিচালক ড. শাহাদাত খান, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হোসাইন সাত্তার ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোহাম্মাদ আশিকুর রহমান।
বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, প্রভাষক গৌরব রায় (গবেষণা কর্মের মূল লেখক) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অনিন্দ্রা ঘোষ যৌথভাবে গবেষণাটি সম্পন্ন করেন। তাদের ৪৬৭টি সিএমএসএমই প্রতিষ্ঠানের উপর করা যৌথ গবেষণায় দেখা যায়, বাংলাদেশের এসএমই সেক্টরে প্রদত্ত ঋণ কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম ও লার্জ এন্টারপ্রাইজের উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।
গবেষণায় দেখা যায়, এসএমই ঋণের কারণে কটেজ, মাইক্রো ও স্মল এন্টারপ্রাইজের উদ্যোক্তারা মিডিয়াম ও লার্জ এন্টারপ্রাইজের উদ্যোক্তাদের তুলনায় অধিক আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখেছেন ও অধিক উপকৃত হয়েছেন।
সভাপতির বক্তব্যে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন বিআইসিএমের রিসার্চ সেমিনার সমূহের মূল লক্ষ্য থাকে গবেষক ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের যোগসূত্র তৈরি করা। তাই এই সেমিনার থেকে আলোচকদের পরামর্শ গ্রহণ করে নতুন গবেষণা করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন তিনি।
সেমিনার সঞ্চালনা করেন বিআইসিএমের প্রভাষক কালবীন ছালিমা। এ সময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সকল অনুষদ সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
