দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনের নামে ৭ জানুয়ারির বানর খেলার আসরে অংশ নেবেন না। আপনারা কেউ ভোটকেন্দ্রে যাবেন না। এটি আপনার গণতান্ত্রিক অধিকার।’
গতকাল বুধবার দুপুরে ভার্চুয়ালি করা সংবাদ সম্মেলনে রিজভী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে এখন চূড়ান্ত ক্রান্তিকাল চলছে বাংলাদেশে। গণতন্ত্র, মৌলিক অধিকার, মানবাধিকার, ভোটাধিকার, অন্ন-বস্ত্র-বাসস্থান, বেঁচে থাকার অধিকার, স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, আন্দোলন-সংগ্রামের অধিকারসহ সব অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে।’
বিএনপির এ নেতা বলেন, ‘দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-অস্তিত্ব আজ হুমকির মুখে। বাংলাদেশকে একটি রাষ্ট্রের স্যাটেলাইট স্টেট করার চক্রান্ত চলছে।’
পরিস্থিতি ভয়াবহ ও অনিশ্চিত উল্লেখ করে রিজভী বলেন, ‘অন্ধকারময় সময়ে দেশের জনগণের পাশে দাঁড়িয়ে অধিকার আদায়ে প্রাণপণ লড়াই করছে বিএনপিসহ দেশের সব দেশপ্রেমিক রাজনৈতিক দল। গত দেড় দশকের মতোই আগামী ৭ জানুয়ারি ভোটডাকাত, গণবিচ্ছিন্ন স্বৈরাচার শেখ হাসিনা আরও একটি পাতানো একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার সিলমোহর নেওয়ার পরিকল্পনা করেছেন।’
তিনি বলেন, ‘সামাজিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয় ঘটেছে। দেশের প্রতিটি সাংবিধানিক, বিধিবদ্ধ এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চরিত্র নষ্ট করে দেওয়া হয়েছে। এবার পরিকল্পিতভাবে বিনষ্ট করে দেওয়া হচ্ছে দেশের শিক্ষাব্যবস্থাকে। সবকিছু ধ্বংস করে দিয়ে বিনাভোটে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে দুর্নীতিগ্রস্ত বণিক, আমলা, পুলিশ এবং ক্ষমতাসীন দলের সন্ত্রাসীদের নিয়ে গড়ে তোলা হয়েছে একটি মাফিয়া চক্র।’
রিজভী বলেন, ‘সরকারের দুর্নীতি অনাচারের কারণে দেশে বর্তমানে কৃষক, শ্রমিক, দিনমজুর, স্বল্প আয়ের মানুষ লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত। দুর্নীতিবাজদের উল্লাস নৃত্যের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্তসহ সব মজলুমের হাহাকার-আর্তনাদ।’
দেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, ‘প্রতিদিন বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। মানুষ চাল কিনলে ডাল আর ডাল কিনলে চাল কেনার টাকা থাকে না। ডিম কিনলে পেঁয়াজ, আবার পেঁয়াজ কিনলে কাঁচা মরিচ কেনার টাকা শেষ। এভাবে দেশের অধিকাংশ জনগোষ্ঠীকে অর্ধাহারে অনাহারে রেখেই উন্নয়নের নামে চলছে বল্গাহীন দুর্নীতি।’
