কুমিল্লার দাউদকান্দিতে রুহুল আমিন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুহুল আমিন পাশের জায়গীর গ্রামের আয়েত আলী মোল্লার ছেলে।
পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, রাত ৮টার দিকে আমার জামাই বেরিয়ে যায়। এরপর ১১টার দিকে তার মৃত্যুর খবর পাই।
দাউদকান্দি মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান, বুধবার রাত ১১টার দিকে সাতপাড়া গ্রামের একটি রাস্তায় মরদেহ দেখতে পায় এলাকার লোকজন। রাত ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রুহুল আমিন মোল্লার নামে মাদক, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিসহ ৭/৮টি মামলা রয়েছে। আজ ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী মামলা করবেন।
