ভাইকে কিডনি দেওয়ায় স্ত্রীকে 'তালাক' দিলেন সৌদি প্রবাসী   

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪০ পিএম

নিজের অসুস্থ ভাইকে বাঁচাতে কিডনি দান করেন এক নারী। এই খবর জানতে পেরে ওই নারীকে তালাক দিয়েছেন সৌদি আরবে থাকা তার স্বামী। তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।  

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই ঘটনা জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, ওই প্রবাসীর স্ত্রী নিজের অসুস্থ ভাইকে বাঁচাতে একটি কিডনি দান করার পরে তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন তালাক দেন। তিনি সৌদি আরবে কাজ করেন এবং তার স্ত্রী উত্তরপ্রদেশের বাইরিয়াহি গ্রামে বাস করেন। ভুক্তভোগী ওই নারী তার একটি কিডনি দান করে ভাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেওয়ার পর ঘটনাটি প্রকাশ পায়। অসুস্থ ভাইকে বাঁচাতে তার এই মহৎ কাজটি যে তার সংসার ভাঙার কারণ হয়ে ওঠবে, এমনটি ওই নারী ভাবতেও পারেননি।

এনডিটিভি জানায়, ভাইকে কিডনি দেওয়ার বিষয়টি মোবাইলে বার্তা পাঠিয়ে জানানোর পরপরই তার স্বামী তাকে হোয়াটসঅ্যাপে তিনবার তালাক দেন। তবে বিষয়টি আইনপরিপন্থী হওয়ায় পুলিশের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী। ২০১৯ সালে ভারতে তিন তালাক প্রথাকে বেআইনি এবং অসাংবিধানিক ঘোষণা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত