হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন হাউজফুল অভিনেতা শ্রেয়স তালপাড়ে। সম্প্রতি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। সে খবর তার স্ত্রী দীপ্তি সোশ্যালে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। সঙ্গে এক আবেগঘন পোস্ট করেছেন।
ইনস্টাগ্রামে শ্রেয়সের সঙ্গে একগুচ্ছ রঙিন ও সাদাকালো ছবি পোস্ট করে দীপ্তি লিখেন, ‘আমার জীবন, শ্রেয়স, বাড়ি ফিরে এসেছে। সে সুস্থ আছে। শ্রেয়সের সঙ্গে ঝগড়ার সময় আমি বলতাম যে শেষ পর্যন্ত আমি কার ওপর আস্থা রাখব? আজ আমি আমার প্রশ্নের জবাব পেয়েছি। তিনি হলেন ঈশ্বর। যেদিন সন্ধ্যাবেলায় আমার জীবনে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছিল, তখন তিনি আমার সঙ্গে ছিলেন। আমার মনে হয় না যে এ জীবনে আর কখনো তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলব।’
দীপ্তি আরও লিখেছেন, ‘আমি এই শহরের সেসব মানুষকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমাকে সাহায্য করেছিলেন। আমি সেদিন রাতে সাহায্য চেয়েছিলাম। একটা নয়, দশটা হাত সেদিন সাহায্যের জন্য এগিয়ে এসেছিল। শ্রেয়স তখন গাড়ির ভেতরে শুয়ে ছিল। সেই মানুষগুলো জানতেনই না যে কাকে তারা সাহায্য করছেন। তারা শুধু সাহায্য করার জন্য ছুটে এসেছিলেন। আমার মনে হয়, ঈশ্বর তাদের পাঠিয়েছিলেন আমাকে সাহায্য করার জন্য। তাদের প্রত্যেককে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি, আমার এই বার্তা সবার কাছে পৌঁছে যাবে। বিশ্বাস করুন, আমি আপনাদের সবার প্রতি অন্তর থেকে কৃতজ্ঞ। আর এটাই মুম্বাইয়ের বিশেষত্ব। মুম্বাই জানাতে চায় যে আমরা কেউ এখানে একা নেই, আমরা সবাই একসঙ্গে আছি।’
তিনি এই পোস্টে লিখেছেন, ‘আমি আমার সব বন্ধুকে, আত্মীয়স্বজনকে ও সিনেমাজগতের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। হিন্দি ও মারাঠি ইন্ডাস্ট্রির সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, যারা আমাদের ভালোবাসা দিয়েছেন। অনেকে নিজের কাজকর্ম ছেড়ে আমাকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন, আর তারা আমার পাশে ছিলেন। আপনাদের কারণে আমার নিজেকে কখনো একা মনে হয়নি। আমার পাশে কাঁধ ছিল, যেখানে আমি মাথা রেখে চোখের জল ফেলতে পারি। তারা আমাকে সব সময় সাপোর্ট করেছেন। আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য সব চিকিৎসক আর সেবিকাদের ধন্যবাদ জানাতে চাই। আপনাদের সবার জন্য আমার এই ‘থ্যাংক ইউ’ খুবই ছোট আর কম। সব ভক্তকে ধন্যবাদ জানাতে চাই, যারা শ্রেয়সের খেয়াল রেখেছেন, আর তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।’
গত বৃহস্পতিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হওয়ার আগে শ্রেয়স সারা দিন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবির শুটিং করেছিলেন। শুটিং শেষে বাড়ি ফেরার পর তিনি অসুস্থ বোধ করেন। তাকে সঙ্গে সঙ্গে আন্ধেরির ভেলভিউ হাসপাতালে নিয়ে যান তার স্ত্রী দীপ্তি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, শ্রেয়সের হার্ট অ্যাটাক হয়েছে। চিকিৎসকরা তার এনজিওপ্লাস্টি করেন। এর পর শ্রেয়সের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তাকে আইসিইউতে রাখা হয়।
শ্রেয়স মারাঠি ছবির জগতের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা। তবে হিন্দি ছবির জগতেও অত্যন্ত পরিচিত তিনি। তাকে ‘ইকবাল’, ‘ওম শান্তি ওম’, ‘গোলমাল রিটার্নস’, ‘হাউসফুল টু’সহ আরও হিট বলিউড ছবিতে দেখা গেছে। শ্রেয়সকে শিগগিরই কঙ্গনা রনৌতের সঙ্গে ‘ইমার্জেন্সি’ ছবিতে দেখা যাবে। দুই দশকের বেশি দীর্ঘ ক্যারিয়ারে শ্রেয়স ৪৫টির বেশি ছবিতে কাজ করেছেন।
