সাংবাদিকদের তথ্যমন্ত্রী

বিএনপি নেতাদের মিথ্যাচার হত্যাকাণ্ডের চেয়েও বীভৎস

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৪:১৫ এএম

ট্রেনে আগুন দেওয়া নিয়ে বিএনপি নেতা রিজভী সাহেবদের ‘মিথ্যাচার হত্যাকাণ্ডের চেয়েও নারকীয় বীভৎস ও কুৎসিত কদাকার’ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার রাজধানীতে সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির অসহযোগ আন্দোলন ও নির্বাচনে ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্নে ড. হাছান মাহমুদ বলেন, ‘ইতিমধ্যে জনগণের ভেতরে যেভাবে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে এবং গড়ে প্রতিটি আসনে সাতজনের বেশি প্রতিদ্বন্দ্বী, সে কারণে নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। যে যত কথাই বলুক, নির্বাচনবিরোধীরা যত চেষ্টাই করুক, ব্যাপক ভোটার উপস্থিতি হবে এতে কোনো সন্দেহ নেই। আর বিএনপির অসহযোগ আন্দোলনে তাদের কর্মীরাই নেতাদের সহযোগিতা করছে না।’

জলবায়ু অভিঘাত মোকাবিলায় সরকারের উদ্যোগ কপে প্রশংসিত হয়েছে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জলবায়ুর অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের পদক্ষেপগুলো কপ-২৮ সম্মেলনে প্রশংসিত হয়েছে। সে কারণে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি (জিসিসিএম) যৌথভাবে প্রধানমন্ত্রীকে ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে’ ভূষিত করেছে।

গতকাল সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কপ-২৮ সম্মেলনে প্রধানমন্ত্রী আমন্ত্রিত ছিলেন, তিনি সেখানে যেতে পারেননি, তার পক্ষ থেকে আমাকে পাঠিয়েছিলেন। সেখানে বাংলাদেশ সবার দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা জলবায়ুর অভিঘাত মোকাবিলায় যে পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো সেখানে প্রশংসিত হয়েছে।’ এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাউসার রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত