বিএনপির বিরুদ্ধে দেশের জনগণ অসহযোগ শুরু করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি তিনি বলেছেন, ট্যাক্স-বিল যাদের বাকি, ঋণ নিয়ে যারা পালিয়েছে, তাদের তালিকা করে সব আদায় করা হবে।
গতকাল বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের।
তিনি আরও বলেন, ‘বিএনপি এখন অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। যে দল আন্দোলনের আসর থেকে পালিয়ে গেল, এখন সেই দল অসহযোগ করবে। তাদের কথা শুনলে দেশের মানুষ হাসে।’ বিএনপি-জামায়াতসহ নির্বাচনবিরোধীদের বিরুদ্ধে অসহযোগ শুরু হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তার প্রমাণ বাংলাদেশের হাটবাজার, দোকানপাটে যান, দেখবেন জীবনযাত্রা স্বাভাবিক।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি নেতারা বলতেন শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন, মন্ত্রীরা পালিয়ে যাচ্ছেন, আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে, পালানোর কোনো অলিগলিও খুঁজে পাবে না। শেষ পর্যন্ত দেখা গেল পল্টনে ২৮ তারিখে কী যে দৌড় বিএনপি নেতাদের, এখানে গিয়ে পড়েন, ওখানে গিয়ে পড়েন।’
বিএনপির ডাকে জনগণ আগেও সাড়া দেয়নি দাবি করে তিনি বলেন, ‘হরতাল-অবরোধে সবকিছু চলছে। জনগণ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এবারও জনগণ বিএনপির এই ডাকে সাড়া দেবে না। বিএনপিকে মানুষ অসহযোগিতা করবে।’
রিমোট কন্ট্রোল নেতা দিয়ে রাজনীতি হয় না জানিয়ে কাদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টেমস নদীর ওপার থেকে হুমকি-ধমকি দিচ্ছেন। দেশে এসে মানুষকে মোকাবিলা করে জেলে যাওয়ার সাহস অর্জন করুক।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ বক্তব্য রাখেন।
