তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের করা আপিল বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। এর ফলে আগামী ৮ ফেব্রুয়ারি হতে যাওয়া পাকিস্তানের সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান।
আপিল খারিজের বিষয়টি নিশ্চিত করে ইমরান খানের আইনজীবী নাঈম হায়দার বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লেখেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করে আগের রায় স্থগিত করার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফলে নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্যই থাকবেন তিনি।
এর আগে, এ বছরের ৫ আগস্ট আলোচিত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে তার সক্রিয় রাজনীতির ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এর পরই দেশটির নির্বাচন কমিশন ইমরান খানকে পাঁচ বছরের জন্যে রাজনীতিতে অযোগ্য ঘোষণা করে।
নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা আজ শুক্রবার (২২ ডিসেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হওয়ার আগের দিন ইমরান খানের আপিল খারিজ করা হয়।
এর আগে, বুধবার (২০ ডিসেম্বর) ইমরান খানের আরেক আইনজীবী আলী জাফর জানিয়েছিলেন, কারাগারে বসেই লাহোর, মিয়ানওয়ালি ও ইসলামাবাদ আসনে লড়বেন পাকিস্তান পিটিআইয়ের সাবেক চেয়ারম্যান।
সূত্র: দ্য ডন
