নির্বাচনে গণমাধ্যমকর্মীদের হুমকি বা সংবাদ সংগ্রহে বাধা দিলে তা অপরাধ গণ্য করে, তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
আজ শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে পাবনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ‘বর্তমান কমিশনের অধীনে প্রতিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের অভিযোগ তদন্ত করে সতর্ক করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘন হলে সামনের দিনগুলোতে কমিশন আরও কঠোর হবে।’
মতবিনিময় সভায় পাবনার পাঁচটি আসনের মধ্যে পাবনা ১, ৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার বিভিন্ন অভিযোগ তুলে ধরেন ইসি রাশেদার সামনে।
পাবনা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ বলেন, এই মুহুর্তে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই জানিয়ে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মোটরসাইকেল মহড়া দিয়ে ভোটারদের হুমকি, প্রচারণায় বাধা ও প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেন। পাবনা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা ও হুমকি ও এমপির ক্ষমতা প্রদর্শনের অভিযোগ করেন। পাবনা-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা ভোটারদের নৌকায় ভোট না দিলে সামাজিক নিরাপত্তা ভাতা বন্ধ করে দেয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ জানান।
অভিযোগ শুনে প্রার্থীদের আশ্বস্ত করে কমিশনার রাশেদা সুলতানা বলেন, ক্ষমতা প্রদর্শন না করে। মোটরসাইকেল মহড়ায় ভয়ভীতি না দেখিয়ে ভোটারদের মন জয় করতে হবে প্রার্থীদের।
নির্বাচনে অবস্থান ধরে রাখতে প্রার্থীদের সহযোগিতার আশ্বাস দিয়ে রাশেদা সুলতানা বলেন, আপনারা শক্ত এজেন্ট দেবেন। যারা আপনাদের অধিকার প্রতিষ্ঠায় সক্রিয় থাকবে। নির্বাচনী বিধি বিধান সম্পর্কে ধারনা আছে এমন এজেন্ট দিতেও তিনি প্রার্থীদের পরামর্শ দেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজশাহী জসিম উদ্দিন হায়দার, উপ মহা পুলিশ পরিদর্শক রাজশাহী আনিসুর রহমান, রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি উপস্থিত ছিলেন।
