যত বাধাই আসুক লড়াই চালিয়ে যাব: গণতন্ত্র মঞ্চ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:১২ পিএম

‘একতরফা ভোট বর্জন করুন’- জনগণের প্রতি এমন আহ্বান জানাতে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে করেছে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে মিছিল করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয় বলে অভিযোগ করেছেন মঞ্চের শরিক দলগুলোর নেতারা। 

সংক্ষিপ্ত সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা ভোট বর্জনের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের পক্ষে ঘোষণা দিয়ে বলেন, ‘যতই পুলিশি বাধা আসুক জনগণকে সাথে নিয়ে গণতন্ত্র মঞ্চ তাদের ধারাবাহিক লড়াই চালিয়ে যাবে। নির্বাচন কমিশনের সভা-সমাবেশের ওপর যতই নিষেধাজ্ঞা থাকুক, জনগণ দেশে আরেকটা ভুয়া নির্বাচন করতে হতে দেবে না।’

নেতৃবৃন্দ আরও বলেন, আওয়ামী লীগ সরকার এবারের একতরফা নির্বাচনে উন্নয়নের গণতন্ত্রকেই ঢাল হিসেবে ব্যবহার করছে। জনগণ জানে এদের উন্নয়ন মানে  হচ্ছে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার এবং বিদেশে বেগম পাড়াসহ বিভিন্ন পাড়া তৈরি। এদের উন্নয়ন মানে হলো আসলে কোটি কোটি মানুষের হাহাকার। 

নেতৃবৃন্দ বলেন, তামাশার ভোটের সব হিসাবনিকাশ অগ্রিম ঠিক করা হয়েছে। এখানে ৭ তারিখ জনগণের ভোট লাগবে না। আগেই ঠিক করা হয়েছে কারা কারা জিতবে; আর কে হবে প্রধানমন্ত্রী। আর যদিও এ মুহূর্তে আওয়ামী লীগ কল্পিত প্রতিযোগিতা দেখাচ্ছে, দেশের বিভিন্ন স্থানে মারামারি করছে। প্রলোভন দিয়ে, হুমকি দিয়ে যাদেরকে প্রার্থী করা হয়েছিল, তারাও আর ভোটের মাঠে নাই। 

নেতৃবৃন্দ আরও বলেন, একটা দল তাদের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পুরো দেশকে ভয়ংকর হুমকির মুখোমুখি করছে। এই সরকার দেশকে ভয়াবহ অর্থনৈতিক, রাজনৈতিক সংকট, কূটনৈতিক সংকটসহ আন্তর্জাতিক সংকটের দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে পরাশক্তিগুলোর ক্রীড়াক্ষেত্রে পরিণত করছে। দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার এই তামাশার নির্বাচনে জনগণ অংশ নেবে না।

সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন নেতারা। কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শনিবার বিকেল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে মালিবাগ অভিমুখে গণ মিছিল অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত