যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়াবকভ বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করা হলে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে মস্কো। রুশ নেতার এমন বক্তব্যের দিন গতকাল রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরও শানিত করতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রশাসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়ে রুশ কূটনীতিক সের্গেই বিয়াবকভ বলেন, ‘যুক্তরাষ্ট্রের অবশ্যই মোহমুগ্ধ হয়ে এমন ভাবা উচিত হবে না যে, তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে যেতে রাশিয়া কোনো প্রতিজ্ঞা করে বসে রয়েছে।’
ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশে^র দেশগুলো। নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের অভ্যন্তরীণ অবকাঠামো পুনর্গঠনে এসব সম্পদ ব্যবহারের কথা উঠেছে। সম্প্রতি ইউরোপের বেশ কিছু দেশ রুশ সম্পদ বাজেয়াপ্তও করেছে। সেই ধারাবাহিকতায় রুশ মন্ত্রীর এমন হুঁশিয়ারি।
আবার হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল একটি নির্বাহী আদেশে সই করেন। রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে দুর্বল করতে যেসব আর্থিক প্রতিষ্ঠান সহায়তা করছে তাদের ওপর অবরোধ আরোপ করতেই এই আদেশে স্বাক্ষর করেন বাইডেন।
মার্কিন প্রশাসন বলছে, যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ রাশিয়ার ওপর আরোপিত অবরোধকে আরও বেশি করে কার্যকর করার উপায়। এর মধ্য দিয়ে সামুদ্রিক খাদ্য ও ডায়মন্ডসহ বেশ কিছু রুশ পণ্য আমদানি বন্ধের পদক্ষেপকে বাস্তবায়নে সহায়তা করবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, ‘আমরা একটি নির্ভুল বার্তা পাঠাচ্ছি। কেউ রাশিয়ার বেআইনি যুদ্ধ সমর্থন করলে সে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবেশ করতে পারবে না।’
