নারায়ণগঞ্জে লিবারেল জোট প্রার্থীর ওপর হামলা, আহত ৬

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:১২ এএম

জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে লিবারেল ইসলামিক জোটের প্রার্থী সেলিম আহমেদ ও তার নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় ফতুল্লার কাঠেরপুল এলাকায় লিফলেট বিতরণের সময় এ হামলার ঘটনা ঘটে। এতে সেলিম আহমেদসহ অন্তত ৬ নেতাকর্মী আহত হয়েছেন।

সেলিম আহমেদ বলেন, একতারা মার্কা পেয়ে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। শুক্রবারও সকাল থেকে বিভিন্ন এলাকায় প্রচারণা চালাই এবং লিফলেট বিতরণ করি। বিকেলে কুতুবআইল কাঠেরপুল এলাকায় লিফলেট বিতরণের সময় স্থানীয় আবজাল মিয়া ও তার ছেলে ইমরানসহ অন্তত ২০/২৫ জনের একটি দল এসে আমাদের পথরোধ করে। এ সময় তারা আমাদের দলীয় নেতাকর্মীদের লিফলেট বিতরণে বাধা দেন। এতে প্রতিবাদ করলে আবজাল ও তার ছেলে ইমরানসহ তাদের লোকজন আমাদের ৬ জন নেতাকর্মীকে এলোপাথাড়ি মারধর করতে থাকে। এ সময় আমাদের নেতাকর্মীদের উদ্ধার করতে গেলে তারা আমাকেও মারধর করে রক্তাক্ত করে দেয়। খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। 

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। যারা হামলা চালিয়েছে তাদের কাউকে পাওয়া যায়নি। তবে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত