‘রাজকুমার’ ছবির শুটিং করতে প্রথমবারের মতো বাংলাদেশে আসেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। এতে তিনি জুটি বাঁধেন শাকিব খানের সঙ্গে। ঢাকায় অবস্থান করে কয়েকদিনের শুটিং শেষে আবারও ফিরে যান যুক্তরাষ্ট্রে।
বাংলাদেশে এসে এখানকার মানুষ ও তাদের আপ্যায়নে মুগ্ধ হয়েছেন এ অভিনেত্রী। মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, ‘যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিল যে অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু দারুণ। তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি দারুণ। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত অনেক কিছু রয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড়। আমি মনে করি বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহৎ জনসংখ্যা এবং তাদের আপ্যায়নের কারণে বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে।’
সিনেমাটির জন্য কয়েক মাসের প্রস্তুতিতে বাংলা ভাষা শিখেছেন কোর্টনি। এরপর অংশ নেন শুটিংয়ে। এক ভিডিও বার্তায় অভিনেত্রী ‘রাজকুমার’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে বলেন, ‘আমি কিছুই জানতাম না। শাকিব খানের জন্মদিনে আমি এবং হিমেল (হিমেল আশরাফ) অংশ নিই। সেদিন সিনেমার কিছু অংশ সম্পর্কে জানি এবং সেটা আমার আগ্রহ অনেক বাড়িয়ে দেয়।এখনও আমার আমেরিকান বন্ধুরা বিশ্বাস করতে পারছে না যে আমি সিনেমাটি করছি।’
অভিনেত্রী জানান, বাংলাদেশে এসে তার ফুচকা, মিষ্টি, রসগোল্লা, মাছ—এসব বেশ ভালো লেগেছে। দেশে ফিরে যাবার সময় নিউমার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে গেছেন তিনি। সেইসঙ্গে এও জানান, বড় দিনে এগুলো বাংলাদেশি উপহার হিসেবে ব্যবহার করবেন।
আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। ঢাকায় কয়েক দিন শুটের পর এখন ছবিটির শুটিং চলছে পাবনায়। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে এরপর ২০২৪ সালের ঈদে মুক্তি পাবে বিগ বাজেটের এ সিনেমাটি।
