অনেক বছর ধরে পর্দায় অনুপস্থিত থাকা নওরিন হাসান খান জেনির সদ্য ওটিটিতে অভিষেক হয়েছে। গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘মোবারকনামা’ সিরিজে তাকে দেখা গেছে অ্যাডভোকেট সাবনীন চরিত্রে। মুক্তির পর সিরিজটি নিয়ে বেশ চর্চা হচ্ছে।
নির্মাণ মুন্সিয়ানা এবং শিল্পীদের অভিনয় নিয়ে প্রশংসায় সয়লাব অন্তর্জাল। মোশাররফ করিমের পাশাপাশি তুমুল প্রশংসা পাচ্ছেন সদ্য ফেরা জেনি। অভিনয় জৌলুসে ফের দেখিয়ে দিয়েছেন, ঘটেছে সফল প্রত্যাবর্তন। সাধারণ দর্শক থেকে শুরু করে নির্মাতা, অভিনয়শিল্পীরাও সাধুবাদ জানাচ্ছেন। সুবর্ণা মুস্তাফা এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘হইচইতে ‘মোবারকনামা’ দেখা শেষ করলাম। পুঙ্খানুপুঙ্খভাবে উপভোগ করেছি। খুব সুন্দরভাবে গল্প বলা হয়েছে। অভিনন্দন গোলাম সোহরাব দোদুল। অভিনয়শিল্পীদের প্রত্যেকেই খুব ভালো করেছে। জেনি ছিল বিশেষ ট্রিট। মোশাররফ করিমের প্রতি ভালোবাসা। অন্যদিকে শাহনাজ সুমি তার আবেগ দিয়ে হৃদয় ছুঁয়ে গেছে।’
দর্শক সাড়া প্রসঙ্গে নওরিন হাসান খান জেনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো নেগেটিভ মন্তব্য পাইনি। সবাই খুব ভালো বলছে, প্রশংসা করছে। সত্যি দারুণ লাগছে সবার এত এত ভালোবাসা পেয়ে। মাত্রই তো রিলিজ হলো, আরও কিছুদিন গেলে হয়তো বুঝা যাবে। তবে যতটুকু সাড়া পাচ্ছি, এটাই অনেক।’
এর আগে সিরিজটিতে কাজের অভিজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী বলেছেন, অনেকদিন পর যখন কেউ কাজ করে তখন সে স্বাভাবিকভাবেই চিন্তা করে যে, কাজ কেমন হবে, টিম কেমন হবে, পরিচালক কেমন হবে বা তাদের চিনব কিনা স্বভাবতই এসব প্রশ্ন আসে এবং একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। কিন্তু আমার এসব নিয়ে কোনো চিন্তা করতেই হয়নি। কারণ এখানে এসে মনে হয়েছে আমি যেন আমার টিম নিয়ে কাজ করেছি। কারণ পরিচালক, সহশিল্পী, ডিওপি, কস্টিউম ডিজাইনার, সেট ডিরেক্টর সবাই আমার খুব পরিচিত এবং কাছের। তাদের সবার সঙ্গে আমার অনেক বছরের পথচলা। আমার কাছে মনে হয়েছে-সোনায় সোহাগা। এর চেয়ে ভালো টিম হতে পারে না। টু বি ভেরি অনেস্ট, আমি খুবই উপভোগ করেছি কাজটা। চমৎকার অভিজ্ঞতা। দিনশেষে কাজটা কেমন হবে জানি না তবে গল্প এবং চরিত্র আমার খুবই পছন্দ ছিল।
সিরিজটিতে নওরিন হাসান খান জেনি ছাড়া আরও অভিনয় করেছেন মোশাররফ করিম, শবনম ফারিয়া, সামিয়া অথৈ, শাহনাজ সুমি, সমু চৌধুরী, শিল্পী সরকার অপু প্রমুখ।
