খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তাকে সার্বক্ষণিক চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে। তবে এখনই তাকে বাসায় নেওয়া যাচ্ছে না। কারণ প্রতিনিয়ত তার কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে।

গতকাল শনিবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে এ কথা জানান।

তিনি বলেন, ‘লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করার পর নানা জটিলতা দেখা দিয়েছিল। এখন জটিলতাগুলো আস্তে আস্তে কমে এসেছে এবং ধীরে ধীরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে।’

গত ২৭ অক্টোবর খালেদা জিয়ার রক্তনালিতে অস্ত্রোপচার করা হয়। যুক্তরাষ্ট্র থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক এনে ঢাকায় এভারকেয়ার  হাসপাতালে তার এই অস্ত্রোপচার করা হয়েছিল। অস্ত্রোপচারের পরদিনই বিদেশি চিকিৎসকরা ফেরত গেছেন। তবে যুক্তরাষ্ট্র থেকে ওই বিশেষজ্ঞ চিকিৎসকরা ঢাকায় খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে চিকিৎসা দিচ্ছেন।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে নিতে তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি মেলেনি।

দুর্নীতির দুই মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হন। দুবছরের বেশি সময় কারাবন্দি ছিলেন বিএনপি চেয়ারপারসন। জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছিল। সেই থেকে ছয় মাস পরপর তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছে সরকার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত