আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক মহলের মতামত উপেক্ষা করে গণতন্ত্র হত্যার মাধ্যমে দ্বিতীয় বাকশাল কায়েম করতেই আওয়ামী লীগ সরকার প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। এই নির্বাচন ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
রবিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর বিজয়-৭১ চত্বরে নির্বাচন বর্জনের দাবিতে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সোলায়মান চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ভোট চোর– এই স্লোগান এখন সবচেয়ে বেশি জনপ্রিয়।’
এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, ‘এই লুটেরা সরকারের কারণে শিক্ষা, স্বাস্থ্য ও রাজনৈতিক ব্যবস্থা সবই ভেঙে পড়েছে। একজন ব্যক্তির ক্ষমতা কুক্ষিগত করার লোভ গোটা জাতিকে দুর্ভিক্ষের হুমকিতে ফেলেছে।’
দলটির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘চলমান নির্বাচনী নাটকের পর কোন কোন খাতের কারা কারা বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছে এটা পরিষ্কার। পাশাপাশি রয়েছে, আমাদের তৈরি পোশাক শিল্প। সব মিলিয়ে এই এক দলীয় সরকার দেশটাকে জাহান্নাম বানানোর সব আয়োজন সমাপ্ত করেছে।’
মানববন্ধনে আরও ছিলেন– এবি পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন প্রমুখ।
