সদ্য মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘ডানকি’ সিনেমার বিশেষ প্রদর্শনী আজ। ভারতের রাষ্ট্রপতি ভবনে দেখানো হচ্ছে সিনেমাটি।
সংবাদমাধ্যম এএনআইয়ের প্রতিবেদন অনুসারে, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে রয়েছে ডানকির বিশেষ প্রদর্শনী।
রাজকুমার হিরানি পরিচালিত এ সিনেমাটি অবৈধ অভিবাসন সমস্যার উপর ভিত্তি করে তৈরি হয়েছে, যা সত্যিই একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তাই সিনেমাটি সংসদীয় কর্তৃপক্ষের অবশ্যই দেখা উচিত বলে মনে করা হচ্ছে। আর এই কারণেই রাষ্ট্রপতি ভবনে আয়োজন করা হয়েছে ‘ডানকি’র বিশেষ প্রদর্শনী।
এএনআইয়ের সূত্র অনুসারে, ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনে ডানকি’র বিশেষ প্রদর্শনীর সময় উপস্থিত থাকতে পারেন পরিচালক রাজকুমার হিরানি এবং অভিজিৎ যোশী।
এ বছর শাহরুখ খানের পাঠান ও জওয়ানের মতো সিনেমা আলোচনায় থাকলেও ডানকি ছিল দর্শকদের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে। কারণ, প্রথমবারের মতো রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেন শাহরুখ। বক্স অফিসে তিনদিনে ৭৫ কোটির মতো আয় করেছে সিনেমাটি, পাচ্ছে দর্শক প্রশংসা।
এদিকে শাহরুখ অনুরাগীরা ইতিমধ্যেই ডানকিকে করমুক্ত করার দাবি তুলেছেন সরকারের কাছে। দর্শকদের দাবি, এমন শিক্ষামুলক চলচ্চিত্রকে করমুক্ত করা অত্যন্ত জরুরি।
মুন্না ভাই এমবিবিএস (২০০৩), লাগে রাহো মুন্না ভাই (২০০৬), ৩ ইডিয়টস (২০০৯), পিকে (২০১৪) এবং সঞ্জু (২০১৮)-এর পরে ডানকি রাজকুমার হিরানির ষষ্ঠ চলচ্চিত্র। আর কিং খান শাহরুখের সঙ্গে এটা তার প্রথম চলচ্চিত্র।
