গাজায় তিন ধাপে যুদ্ধবিরতি চায় মিসর

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:২৩ পিএম

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করতে নতুন একটি প্রস্তাব দিয়েছে মিসর। এতে বলা হয়েছে, হামাস ৪০ জন জিম্মিকে ছেড়ে দেবে। এর বিনিময়ে গাজায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি থাকবে। রবিবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, মিসর তিন ধাপের পরিকল্পনা নিয়েছে। প্রস্তাব অনুযায়ী, জিম্মি মুক্তির সময় গাজায় সব ধরনের হামলা ও নজরদারি বন্ধ রাখবে ইসরায়েল। এছাড়া তারা ১২০ জন ফিলিস্তিনি বন্দিকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে।

তবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ও ৪০ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে পরিকল্পনার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) সঙ্গে গাজায় একটি জরুরি নিরাপত্তা সরকার নিয়ে আলোচনা হবে। এই সরকারে হামাসসহ গাজার সব গোষ্ঠী থাকবে।

আর তৃতীয় ধাপে রয়েছে দীর্ঘকালীন যুদ্ধবিরতির প্রস্তাব। এই ধাপে আরও জিম্মিকে মুক্তি এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলের সব সেনা প্রত্যাহার করার কথা বলা হয়েছে। তবে মিসরের এই প্রস্তাব প্রকাশের পর ইসরায়েলের একটি সূত্র সংবাদমাধ্যম মারিভকে জানায়, প্রস্তাবের কিছু অংশ অগ্রহণযোগ্য। যদিও মিসরের এই উদ্যোগ আলোচনার পথ তৈরি করবে বলেই ধারণা তাদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত