কেন্দ্রে কারচুপি হলে তাৎক্ষণিক ভোট বন্ধ : সিইসি

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:৪৯ এএম

ভোটকেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে ওই কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘এখন কিছু অভিযোগ থাকলেও প্রচারণা ও ভোটের পরিবেশ স্বাভাবিক।’

গতকাল রবিবার ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে ছয় জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এ কথা বলেন।

ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনার কর্মকর্তারা এই মতবিনিময় সভায় অংশ নেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোট এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যাবে এটার কোনো সুযোগ নেই। এগুলো ভ্রান্ত প্রচারণা। ভোটের দিন একটি মাত্র কেন্দ্রে কারচুপি হলেও ভোটগ্রহণ বন্ধ করা হবে।’

তিনি আরও বলেন, ‘ভোটের আগের পনেরো দিন কি হলো না হলো সেটা কিছুদিন পর মানুষ ভুলে যাবে। কিন্তু ভোটের দিন রেজাল্টটা কী হলো, পোলিংয়ের মধ্যে কারচুপি হলো কি না, জবরদস্তি সিল মারা হলো কি না এ রকম কোনো ঘটনা ঘটলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’ তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম বলে সিইসি মনে করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাঁচটা বাহিনীর লোক থাকলে সবাইকে হাত করা যায় না।’ সিইসি বলেন, আনসার, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ ১৫-১৬ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেন্দ্রের ভেতরে ও বাইরের ভারসাম্য রক্ষা করবেন। কিন্তু কেন্দ্রের ভেতরের ভারসাম্য রক্ষা করতে ব্যর্থ হলে রিটার্নিং অফিসারকে দায়-দায়িত্ব নিতে হবে। তখন প্রিসাইডিং অফিসারকে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ করে দিতে হবে। ওই কেন্দ্রের ভোট প্রয়োজনে দশবার নিতে হবে।

বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞাসহ ৬ জেলার কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সিইসি নগরীর ভাষাশহীদ আবদুল জব্বার মিলনায়তনে ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

সুনামগঞ্জে আনিছুর রহমান : গতকাল সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের প্রার্থী ও নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোটের আগে বা পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার সুযোগ নেই। সব পর্যায়ের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। ভোটের আগে-পরে ১০ দিন সেনাবাহিনী মাঠে থাকবে। যেকোনো ধরনের অভিযোগ পেলে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত