মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের মেক্সিকো সফরের আগেই যুক্তরাষ্ট্রে ঢুকতে পদযাত্রা শুরু করেছে কমপক্ষে সাত হাজার অভিবাসনপ্রত্যাশী। মেক্সিকোর তাপাচুলা শহর থেকে শুরু করা এই পদযাত্রায় শিশুরাও রয়েছে। যদিও পদযাত্রায় অংশ নেওয়া বেশিরভাগই মেক্সিকো, ভেনিজুয়েলা ও কিউবার নাগরিক।
সোমবার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ‘পোভারটি এক্সোডাস’ (দারিদ্রতা থেকে মুক্তির অভিযাত্রা) শীর্ষক ব্যানার নিয়ে পায়ে হেঁটে যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে অভিবাসনপ্রত্যাশীরা।
এদিকে আর কয়েকদিন পরেই মেক্সিকো সফরে যাবেন অ্যান্টনি ব্লিঙ্কেন। সফরকালে অভিবাসন নিয়ন্ত্রণে দুই দেশের মধ্যে নতুন চুক্তির চেষ্টা করবেন তিনি। তার আগেই দলবেঁধে যুক্তরাষ্ট্রের পথে রওয়ানা দিয়েছে এসব অভিবাসনপ্রত্যাশী।
প্রতি বছর যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে দেশটির দক্ষিণ সীমান্তে লাখ লাখ মানুষ গ্রেপ্তার হয়। ২০২২ ও ২০২৩ সালে গ্রেপ্তার হওয়া অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে কেবল গত সেপ্টেম্বর মাসেই দুই লাখের বেশি অভিবাসনপ্রত্যাশীকে গ্রেপ্তার করেছে মার্কিন বর্ডার প্যাট্রল।
