নির্বাচন আসলেই এলাকার মানুষ একটি নাম স্মরণ করে থাকেন। যিনি নির্বাচন এলেই ভোটের মাঠে প্রার্থী হোন। সেটা ইউনিয়ন পরিষদ হোক কিংবা জাতীয় নির্বাচন। এখন পর্যন্ত প্রায় ডজন খানেক নির্বাচনে অংশ নিয়েছেন। ইউপি ও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তিনি হচ্ছেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আব্দুল হাই মাস্টার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি কুড়িগ্রাম-১ আসনে জাকের পার্টির গোলাপ ফুল প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন।
জানা গেছে, আব্দুল হাই মাস্টার চারবার ইউপি চেয়ারম্যান পদে, চারবার উপজেলা চেয়ারম্যান পদে এবং চারবার জাতীয় সংসদ সদস্য পদে নির্বাচন করেছেন। এর মধ্যে একবার বঙ্গসোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান এবং ২০০৯ সালে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন। এখন তার স্বপ্ন সংসদ সদস্য নির্বাচিত হওয়া। সেই লক্ষ্যে তিনি গোলাপ ফুল মার্কায় নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিদিন সকালে একটি সাইকেল নিয়ে তিনি প্রচারণা শুরু করেন। প্রচারণা যেখানে শেষ হয়, সেখানেই কারও বাড়িতে রাত্রী যাপন করেন। পরদিন সেখান হতেই নির্বাচনী প্রচারণা শুরু করেন।
আব্দুল হাই মাস্টার বলেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হিসেবে (কুড়িগ্রাম-১) আসনে (নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলা) প্রতিদ্বন্দ্বিতা করেছি। এবারও জাকের পার্টির প্রার্থী হিসাবে গোলাপ ফুল মার্কা নিয়ে প্রচারণা চালাচ্ছি। নির্বাচনে আমি শেষ পর্যন্ত লড়ে যাবো।
তিনি আরও বলেন, আমি বুঝতে পারছি, আল্লাহ আমার ইচ্ছা পূরণ করবে এবং আমাকে এমপি বানাবে। আমি এমপি নির্বাচিত হলে দুধকুমার নদের পাড়ে একটি নদী বন্দর স্থাপন, মাধ্যমিক শিক্ষকদের এককালীন পেনশন ব্যবস্থা সহজীকরন, নদী ভাঙ্গন রোধসহ বিভিন্ন সমস্যা নিয়ে জাতীয় সংসদে কথা বলবো।
স্থানীয় রবিউল ও মাঈদুল ইসলাম নামের দু'জন ভোটার বলেন, আমরা উপজেলা নির্বাচনের সময় তাকে ভোট দিয়েছি। এবার সংসদ নির্বাচনে আমাদের এলাকার লোক হিসাবে আমরা তাকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবো। যাতে তিনি এলাকার মানুষের সেবা করতে পারেন।
