কালা চান
এ বছরের সব থেকে বেশি ভাইরাল গান ‘কালা চান’। তসিবার সঙ্গে এতে র্যাপ গেয়েছেন এফএ প্রিতম। সালাহ উদ্দিন সাগরের কথায় সুর-সংগীত করেন প্রিতম নিজেই। গান ভিডিওটি এখন পর্যন্ত দেখেছেন ১২২ মিলিয়নের বেশি শ্রোতা-দর্শক।
ঝুমকা
জেফার রহমান ও মুজার কণ্ঠে ‘ঝুমকা’ গানটি সর্বাধিক আলোচিত ও প্রশংসিত ছিল। গানের পাশাপাশি ভিডিওতে নাচের মুদ্রা ঝড় তুলেছে সোশ্যালে। গানটি ৯২ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে ইউটিউবে। আলোচিত এই গানের তালে নাচতে দেখা গেছে সোশ্যালে জনপ্রিয় তানজানিয়ার কনটেন্ট ক্রিয়েটর কিলি পলকে; তার সঙ্গে নেচেছেন নিমা পলও। এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে কিংবা বিয়ের অনুষ্ঠানে এ গানটি সবচেয়ে বেশি বাজতে দেখা গেছে।
বাজার গরম
‘বাজার গরম’ গান দিয়ে এ বছর ফের আলোচনায় ছিলেন আলী হাসান। সমসাময়িক বিষয় নিয়ে এ গানটির কথা ও সুর করেন শিল্পী নিজেই। গানটি সোশ্যালে বেশ ভাইরাল হয়। গান ভিডিওটি দেখা হয়েছে ২২ মিলিয়নের বেশি।
ওরে জান
ইমরান মাহমুদুলের ‘ওরে জান’ গানটিও বেশ প্রশংসা পায়। জামাল হোসেনের কথায় গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছে মারুফা তৃষা। এখন পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১৬ মিলিয়নের বেশি।
ভুল সবই ভুল
ঈদুল ফিতরে ‘ভুল সবই ভুল’ গান নিয়ে হাজির হয়েছিলেন নগর বাউল জেমস। গানের ভিডিওটি শ্রোতা-দর্শকরা পছন্দ করলেও সেভাবে আলোচনা তৈরি করতে পারেনি। গানটি লিখেছেন বিশু শিকদার ও জেমস। সুর-সংগীত করেছেন জেমস নিজেই।
২২ বছর পর ব্যান্ড তারকা মিজানের সঙ্গে নতুন গান নিয়ে হাজির হন প্রিন্স মাহমুদ। শিরোনাম ‘এমন হয়নি আগে’। শ্রোতামহলে প্রশংসা পেয়েছেন আরফিন রুমি ও সাবরিনা পড়শী জুটি। ‘ওরে মন’ গান দিয়ে ছয় বছর পর ফেরে এই জুটি। এ ছাড়া প্রশংসা পায় খায়রুল ওয়াসীর ‘চোখ লাল কিসে’ও।
এছাড়াও একটি মিউজিক ভিডিও বেশ দর্শক নন্দিত হয়। ওয়েডিং সেলিব্রেশন অব দ্য ইয়ার চলো না একসাথে। জনি হকের কথায় ‘চলো না একসাথে’ গানটির সুর ও সংগীত করেছেন মেনন খান। শাহরিয়ার পলকের নির্মাণে এতে মডেল হিসেবে দেখা গেছে আরিফিন শুভ ও শিরিন শিলাকে।
