৬ মাস পর ডেঙ্গু রোগী দুই অঙ্কের ঘরে নামল

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩১ এএম

দেশে প্রায় ছয় মাস পর দৈনিক ডেঙ্গু রোগীর সংখ্যা দুই অঙ্কের ঘরে নামল। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত) দেশের বিভিন্ন হাসপাতালে ৮৯ জন রোগী ভর্তি হয়েছে। এর আগে সর্বশেষ গত ৩০ জুন রোগী ১০০-এর নিচে নেমেছিল। সেদিন ভর্তি রোগীর সংখ্যা ছিল ৭২ জন। এরপর গত প্রায় ছয় মাসে আর কোনোদিনই রোগী দুই অঙ্কের ঘরে নামেনি।

এদিকে ২৩ দিন পর গতকাল সোমবার প্রথম ডেঙ্গুতে ঢাকার বাইরে মৃত্যুশূন্য দিন ছিল।

গত ২৪ ঘণ্টায় দেশে যে একজন মারা যায়, তিনি ঢাকায় ভর্তি ছিলেন। এর আগে সর্বশেষ গত ২ ডিসেম্বর ঢাকার বাইরে কেউ মারা যায়নি। অবশ্য ওই সময়ের পর তিন দিন দেশ মৃত্যুশূন্য ছিল।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ৭০ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়, যা দিনে মোট ভর্তি রোগীর ৭৯ শতাংশ। বাকি ২১ শতাংশ বা ১৯ জন ভর্তি হয় ঢাকায়।

এ নিয়ে এই বছর ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ২০ হাজার ৫৪৯ জন। তাদের মধ্যে ২ লাখ ১০ হাজার ৭১৩ ঢাকার বাইরের রোগী, যা মোট রোগীর ৬৬ শতাংশ। বাকি ৩৪ শতাংশ বা ১ লাখ ৯ হাজার ৮৩৬ রোগী ঢাকায় ভর্তি ছিল।

এ বছর ডেঙ্গুতে মারা গেছে ১ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে ৯৭৮ জনের ঢাকায় মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ৫৮ শতাংশ। বাকি ৪২ শতাংশ বা ৭২০ জন মারা গেছে ঢাকায়। এ বছর মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে ১ হাজার ৩ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছে ৩৩০ ও ঢাকার বাইরে ৬৭৩ জন।

এ মাসের গত ২৫ দিনে ডেঙ্গুতে ৭৬ জন মারা গেছে ও বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৬৫৮ জন। এর আগের মাসে মৃত্যু ছিল ২৭৪ জনের ও রোগী ছিল ৪০ হাজার ৭১৬ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত