সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলা

ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টা নিহত

  • সিরিয়া-লেবাননের পুরনো এবং শীর্ষ আইআরজিসি কমান্ডারদের একজন ছিলেন মৌসাভি
  • এই অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে, ইসরায়েলকে ইরানের কঠোর হুঁশিয়ারি 
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৩ এএম

সিরিয়ার রাজধানী দামেস্কের বাইরে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সিনিয়র উপদেষ্টা নিহত হয়েছেন বলে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।

স্থানীয় সময় সোমবার ইসরায়েলি হামলায় সিরিয়ার আইআরজিসি কমান্ডারদের একজন সাইয়েদ রাজি মৌসাভি নিহত হন। তিনি সিরিয়া ও ইরানের মধ্যকার সামরিক জোটের সমন্বয়কের দায়িত্ব পালন করতেন।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ উপকণ্ঠে জেইনাবিয়াহ জেলায় ইহুদিবাদী শাসকদের হামলার সময় নিহত হন সাইয়েদ রাজি মৌসাভি।

পরবর্তীতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে এক বিবৃতিতে আইআরজিসি জানায় যে, "দখলকারী এবং বর্বর ইহুদিবাদী শাসকদের অপরাধের জন্য চরম মূল্য দিতে হবে"।

নিয়মিত সংবাদ প্রচার বাতিল করে মৌসাভির মৃত্যুর খবর প্রচার করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাকে সিরিয়ায় আইআরজিসির সবচেয়ে অভিজ্ঞ উপদেষ্টা হিসেবে বর্ণনা দেওয়া হচ্ছে। তবে, তার মৃত্যু নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

মৌসাভি সিরিয়া এবং লেবাননের পুরনো আইআরজিসি কমান্ডারদের একজন যিনি ৮০ এর দশক থেকে এই এলাকায় কাজ করছেন বলে জানায় আল জাজিরার প্রতিবেদক।

ইরানের আইআরজিসির সাবেক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির সহচরদের একজন ছিলেন কমান্ডার সাইদ রাজি মৌসাভি। ২০২০ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। ইরানের আঞ্চলিক তৎপরতা সমন্বয়ের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করতেন সোলাইমানি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত