ভোটের প্রচারণা পোস্টার নতুন সংযোজন ‘কিউআর কোড’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে ঢাকায় দুটি আসনের পোস্টারে নতুন সংযোজন লক্ষ করা গেছে। নৌকার দুই প্রার্থী তাদের পোস্টারে যুক্ত করেছেন কুইক রেসপন্স কোড বা ‘কিউআর কোড’।

এরা হলেন ঢাকা-১৩ আসনের প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা-৮ আসনের প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

একাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে দলের মনোনয়ন না পেলেও এর আগে টানা দুবার এ আসনের সংসদ সদস্য ছিলেন নানক। ওদিকে, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য নাছিমও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি। এবারই প্রথম তিনি ঢাকা থেকে মনোনয়ন পেলেন।

নানক ও নাছিমের ছবি সম্বলিত পোস্টারে যে ‘কিউআর কোড’ দেওয়া হয়েছে, মোবাইল ফোনের স্ক্যানারের মাধ্যমে তা স্ক্যান করলেই ভোটাররা নিজ নিজ ভোট কেন্দ্রের তথ্য পেয়ে যাবেন।

এ প্রসঙ্গে নানক বলেন, আমরা সব সময় ভোটারের বাড়তি সুবিধার কথা চিন্তা করি। তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে। একজন ভোটার কোন কেন্দ্রে ভোট দেবেন, পাশাপাশি প্রার্থী সম্পর্কে জানবেন। এসব তথ্য এই কিউআর কোড ব্যবহারের মাধ্যমে জানতে পারবেন। নাছিম বলেন, কিউআর কোড ব্যবহারের মাধ্যমে ভোটকেন্দ্রের তথ্যের পাশাপাশি প্রার্থীদের সম্পর্কেও জানতে পারবেন ভোটার। তাই এটা আমরা পোস্টার ব্যবহার করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত