ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে 'নিষিদ্ধ' তিন আফগান ক্রিকেটার

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১২:০৭ পিএম

ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম ফজল হক ফারুকি, মুজিব উর রহমান কিংবা নাভিন উল হক। বিপিএল কিংবা বিগ ব্যাশে আছে তাদের কদর। দল পেয়েছেন তারা আইপিএলেও। কিন্তু তারা কেউই টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড কড়া নিষেধাজ্ঞা দিয়েছে কেবল এই তিন ক্রিকেটারকে। আগামী দুই বছর বিশ্বের কোনো ফ্র্যাঞ্চাইজ লিগেই থাকতে পারবেন না তারা।  

তাদের ব্যাপারে এমন সিদ্ধান্তের কারণ হিসেবে বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আফগানিস্তানের হয়ে খেলার চেয়ে তারা ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিয়েছেন।’   

বোর্ডের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত এই তিন ক্রিকেটার বোর্ডের কাছে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার ইচ্ছার কথা জানিয়েছেন। সেইসঙ্গে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলার অনুমতিও চেয়েছেন। আর এমন কিছু ভালো ঠেকেনি আফগান ক্রিকেটের কর্তাদের কাছে। 

তাদের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে এসিবির বিবৃতিতে বলা হয়, ‘আফগানিস্তানের হয়ে খেলাকে জাতীয় দায়িত্ব হিসেবে মনে করা হয়, তারা সেটির চেয়ে ব্যক্তিগত স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছেন এবং বাণিজ্যিক লিগই এসব খেলোয়াড়ের কেন্দ্রীয় চুক্তিতে রাজি না হওয়ার মূল কারণ। তারা সরে যেতে চাওয়ায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড এসব খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসিবির স্বার্থে সেরা এই পদক্ষেপ গ্রহণের জন্য তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। এতে আরও বলা হয়,  ‘জাতীয় দায়িত্বকে গুরুত্ব দিয়ে, মূল্যবোধ এবং আদর্শকে সমুন্নত রেখে এই সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে বড় করে দেখার যে মূল্যবোধ ও আদর্শ আফগানিস্তান ক্রিকেট বোর্ডের, সে বিষয়ে সব খেলোয়াড়ের গুরুত্ব দেওয়ার ব্যাপারে আলোকপাত করবে এই সিদ্ধান্ত।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত