নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, ‘আমি রাজনীতিকে ধান্দা হিসেবে নেইনি। আমি টাকা দিয়ে রাজনীতি করাও পছন্দ করি না। আমরা সারাক্ষণ কর্মীদের সাথে থাকি, আমি এমন কর্মী তৈরি করি নাই, যে কর্মী টাকার বিনিময়ে কাজ করবে। আপনাদের কাছে অনুরোধ করবো, এ দেশ আমাদের মা। এই মাকে আপনাদের রক্ষা করা উচিৎ। জাতির পিতা অনেক আগে বলেছিলেন, স্বাধীনতা আনা খুবই সহজ কিন্তু রক্ষা করা খুবই কঠিন। আমার মনে হয়, সেই সময়টা এসে গেছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, একটি অদৃশ্য পাখির নজর পড়েছে আমাদের বাংলাদেশের উপর। তারা ব্যবহার করছে বিএনপি-জামায়াতকে। তারা ভয় সৃষ্টি করতে চাইছে। আমি যদি মরেও যাই, কিছু হবে না বাংলাদেশের কিন্তু শেখ হাসিনা মরে গেলে দেশ থাকবে না।
শামীম ওসমান বলেন, আমার নেত্রীর উপর আল্লাহর রহমত আছে, যার উপর আল্লাহর রহমত আছে, তার সাথে শয়তান পারবে না। আমাদের পক্ষেও অনেক বড় বড় বন্ধু রাষ্ট্র আছে। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা সকলকে নিয়ে ভোট দিতে যাবেন। ভোটের অংশ গ্রহণ বাড়াবেন।
