২০২৩ সালটা ছিল শাকিব খানের বছর। ব্যক্তিগত নানান ঝামেলা থাকা সত্ত্বেও চলচ্চিত্রে একটি সফল বছর পার করেছেন ঢালিউডের কিং শাকিব খান। ২০২৩ সালে মুক্তি পায় তপু খান পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’, যেখানে শাকিব খান একজন স্বাধীনচেতা যুবক হিসাবে অভিনয় করে বাজিমাত করেছেন। হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা দিয়ে বাংলাদেশের চলচ্চিত্র জগতের অনেক রেকর্ড ওলট পালট করে দিয়েছেন কিং খান। ২০২৩ সালেই শুটিং করছেন অনন্য মামুন পরিচালিত দেশের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র দরদে। সুপার হিট ছবি প্রিয়তমার পরিচালক শাকিব খানকে নিয়ে তৈরি করছেন তার স্বপ্নের চলচ্চিত্র রাজকুমার। সবমিলিয়ে শাকিব খানের অন্য সেরা বছর এটি।
শাকিব খানের বছর শুরু হয়েছিল নানান সমালোচনা দিয়ে। অপু-বুবলীকে নিয়ে শাকিব খান যখন মিডিয়ার সমালোচনার শিকার তখন দর্শকরা বলছিল শাকিব খান হয়তো ফুরিয়ে গেছেন। কিন্তু শাকিব ভক্তরা জানতো তাদের কিং খান ফুরিয়ে যাননি বরং দ্বিগুণ শক্তিতে দেখা দিবেন। ভক্তদের ভাবনাটাই যেন সত্যি হলো। শাকিব খান ঈদুল ফিতরে তার ভক্তদের উপহার দিলেন ‘লিডার: আমিই বাংলাদেশ’। এতে শাকিবের বিপরীতে অভিনয় করেন বুবলী। লিডার আমিই বাংলাদেশ চলচ্চিত্রে একজন সচেতন যুবকের চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছেন শাকিব খান। এই ছবির পরিচালক ছিলেন তপু খান। এটি পরিচালকের প্রথম চলচ্চিত্র। ‘লিডার আমিই বাংলাদেশ’ চলচ্চিত্রের ‘সুরমা সুরমা’ গানটি বেশ সাড়া ফেলেছিল।
‘লিডার: আমিই বাংলাদেশ’ এর রেশ কাটতে না কাটতেই ঈদুল ফিতরে শাকিব খান দিয়েছেন স্মরণকালের সবচেয়ে বড় হিট ছবি। হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ চলচ্চিত্রটি অনেক রেকর্ডকে ওলট পালট করেছে। ব্যবসা সফলতার দিক দিয়ে ছবিটি সর্বকালের সেরা চলচ্চিত্র ‘বেঁদের মেয়ে জোসনা’কে ছাড়িয়ে গেছে বলে দাবি করা হয়েছে। এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন কোলকাতার অভিনেত্রী ইধিকা পাল। তিনিও ‘প্রিয়তমা’ চলচ্চিত্র দিয়ে দর্শকের মন জয় করে নেন। ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের ‘ঈশ্বর’ এবং ‘প্রিয়তমা’ গান দুটি দর্শকরা দারুনভাবে গ্রহণ করেছিল।
পরিচালক অনন্য মামুন শাকিব খানকে নিয়ে ঘোষণা দেন দেশের প্রথম প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র নির্মাণের। ছবির নাম, ‘দরদ’ যা হিন্দিতে ‘দার্দ’। শুরু থেকেই দরদ নিয়ে অনন্য মামুন অনেক ধোঁয়াশা তৈরি করেন। প্রথমে ধারণা করা হয়েছিল এই ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের নেহা শর্মা। তারপর শোনা গেল নেহা শর্মা নন দরদে শাকিবের বিপরীগে অভিনয় করবেন শেহনাজ গিল। এক সময় জেরিন খানের নামও শোনা গিয়েছিল। কিন্তু সবশেষে অনন্য মামুন দরদে শাকিব খানের নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেন সোনাল চৌহানের সাথে। দরদ বিগ বাজেটের ছবি। শাকিব ভক্তরা মুখিয়ে আছেন দরদ দেখার জন্য।
প্রিয়তমা সফল হবার পর পরিচালক হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে ‘রাজকুমার’ নির্মাণের ঘোষণা দেন। এতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন হলিউডের কোর্টনি কফি। এবছর বিদেশী নায়িকা নিয়ে শাকিব খানের হ্যাট্রিক চলচ্চিত্র এটি। বাংলাদেশ মিডিয়ায় কোর্টনি কফি শাকিব খানকে বাংলাদেশের টম ক্রুজ বলেছেন। ‘রাজকুমার’ চলচ্চিত্রের শুটিং এখনো চলছে। দরদের মতো এটি নিয়েও দর্শকদের আগ্রহের শেষ নেই।
বছরের শেষ চমক দেন রায়হান রাফি। রাফি বড় করে প্রেস কনফারেন্স করে ঘোষণা দেন তিনি শাকিব খানকে নিয়ে নির্মাণ করবেন ‘তুফান’। ‘তুফান’ চলচ্চিত্রটির একটি পোস্টারও প্রকাশ করেন তিনি।
সব মিলিয়ে ২০২৩ সাল ছিল শাকিবময়। এবছর একের পর এক হিট চলচ্চিত্র দিয়ে শাকিব খান যেন বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি বরং পরিণত হয়েছেন।