এআইনির্ভর অ্যাপ ও সফটওয়্যার উন্নয়নের নতুন কৌশলে এগোতে নিজেদের ওয়েবভিত্তিক কোডিং প্ল্যাটফর্ম ‘ফায়ারবেইস স্টুডিও’ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল। ২০২৫ সালে চালু হওয়া এ আইডিই (ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট) সেবাটি ধাপে ধাপে গুটিয়ে নেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল প্রতিষ্ঠানটি।
এরই মধ্যে ২২ জুন থেকে নতুন ওয়ার্কস্পেস তৈরি ও নতুন ব্যবহারকারীদের নিবন্ধনের সুযোগ বন্ধ হয়েছে। তবে ডেভেলপারদের নিজেদের প্রজেক্ট অন্য প্ল্যাটফর্মে সরিয়ে নেওয়ার জন্য ২০২৭ সালের ২২ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর সেবাটি পুরোপুরি বন্ধ করে সার্ভারে থাকা অবশিষ্ট তথ্য মুছে ফেলা হবে।
ফায়ারবেইস স্টুডিওতে এআই চ্যাটবটের মাধ্যমে অ্যাপের প্রোটোটাইপ তৈরি ও কোড পরিবর্তনের সুবিধা ছিল। বর্তমানে প্রম্পটনির্ভর কোডিং এবং এআই এজেন্টের ব্যবহার বাড়ায় গুগল নতুন প্রযুক্তির দিকে ঝুঁকছে। ফায়ারবেইস স্টুডিওর বিকল্প হিসেবে গুগল ‘এআই স্টুডিও’ ও ‘অ্যান্টিগ্র্যাভিটি’ ব্যবহারের পরামর্শ দিচ্ছে। এআই স্টুডিওতে প্রম্পটের মাধ্যমে অ্যাপ তৈরি করা যায়। অন্যদিকে, অ্যান্টিগ্র্যাভিটিতে একাধিক এআই এজেন্ট ব্যবহার করে কোডিংয়ের পাশাপাশি কোড নিয়ন্ত্রণের সুযোগ রয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্ত সফটওয়্যার তৈরিতে প্রচলিত কোড এডিটিংয়ের পরিবর্তে এআইনির্ভর উন্নয়ন পদ্ধতির দিকে গুগলের অগ্রযাত্রারই ইঙ্গিত দিচ্ছে।