গাজার প্রতি সংহতি, নববর্ষ উদযাপন করবে না শারজাহ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পিএম

যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের দুর্দশায় সংহতি জানিয়ে নববর্ষ উদযাপন করবে না সংযুক্ত আরব আমিরাতের শহর শারজাহ। নববর্ষের সন্ধ্যায় সেখানে কোনো ধরনের আতশবাজি উড়বে না। বন্ধ থাকবে অন্য অনুষ্ঠানগুলোও। গতকাল মঙ্গলবার রাতে শারজাহ পুলিশ ফেসবুকে এক পোস্টে এ নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, শারজাহ পুলিশ নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘এই নিষেধাজ্ঞা গাজা উপত্যকায় আমাদের ভাইবোনদের প্রতি সংহতি এবং মানবিক সহযোগিতার আন্তরিক প্রকাশ।’

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত। এরপরেও হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর বার বার মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটি। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল সংঘাতে গাজা উপত্যকায় ২১ হাজার ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত